ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতিতে ফের জল্পনার আবহ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও দলের গুরুত্বপূর্ণ নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)-কে একসঙ্গে দেখা যাওয়ায় গেরুয়া শিবিরে চর্চা তুঙ্গে। সোমবার খড়্গপুর সাংগঠনিক জেলার এক গুরুত্বপূর্ণ বৈঠকে একই মঞ্চে দেখা গেল দুই প্রাক্তন সাংসদকে, যা ঘিরে দলীয় অন্দরে প্রশ্ন— তবে কি দিলীপ ঘোষের ‘come back’ পর্ব শুরু হল?
দীর্ঘদিন ধরে কার্যত রাজনীতির মূল মঞ্চ থেকে দূরে ছিলেন দিলীপ। এমনকী, দিঘার জগন্নাথ দর্শনের পর থেকে দলীয় কর্মসূচিতে তাঁকে খুব একটা দেখা যায়নি। কিন্তু সোমবার দুপুরে খড়্গপুর শহর দক্ষিণ মণ্ডল কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠকে হাজির হন তিনি। সেখানে তাঁকে পাশে বসিয়ে স্বাগত জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় (Locket)। প্রথমে দিলীপ মঞ্চে পাশের চেয়ারে বসতে না চাইলেও, লকেটের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন। এরপর প্রায় ২৫ মিনিট তাঁদের মধ্যে গোপন কথাবার্তা চলে— যা নিয়ে জল্পনা আরও তীব্র।
আরও পড়ুনঃ কলকাতায় আত্মপ্রকাশ ‘Spark Entertainment’-এর, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দুর্গাপ্রণতি’
লকেট বৈঠক শেষে বলেন, “মেদিনীপুরের সাংগঠনিক বিষয়েই আলোচনা হয়েছে। উনি সাংসদ ছিলেন, নিয়ম অনুযায়ী উপস্থিত থাকতেই পারেন।”
বৈঠকে আরও ছিলেন মেদিনীপুর জেলার সভাপতি সমিত মণ্ডল ও বিজেপি নেত্রী সোনালি মুর্মূ। সূত্রের খবর, এটি ছিল জেলা কমিটি গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক।
এর আগেই রবিবার রাতে রেলের বাংলোয় পুজো দিয়ে হনুমানজির শরনাপন্ন হয়েছিলেন দিলীপ। আর তার ঠিক পরদিনই তাঁকে দেখা গেল রাজ্য নেত্রীর সঙ্গে রাজনৈতিক মঞ্চে। পাশাপাশি এদিন খড়্গপুরের দুটি চা চক্র কর্মসূচিতেও অংশ নেন তিনি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে— আবার কি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরছেন দিলীপ ঘোষ?
এই মুহূর্তে এই বৈঠক ঘিরে বিজেপির অন্দরমহলে আলোচনার ঝড় অব্যাহত।