দেশের খবর
CJP আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট! X-কে কনটেন্ট সরাতে নির্দেশ দিল দিল্লি পুলিশ
ডিজিটাল ডেস্কঃ ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বে হওয়া ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও ভিডিওর তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এবং সাংবিধানিক কর্তৃপক্ষকে লক্ষ্য করে আপত্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর (Defamatory) কনটেন্ট ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-কে নোটিস পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিও দ্রুত সরিয়ে (Remove) দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এক্স-কে। পাশাপাশি যেসব অ্যাকাউন্ট (Account) থেকে ওই কনটেন্ট আপলোড করা হয়েছে, সেগুলির ব্যবহারকারীদের নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য, ই-মেল আইডি, লগ-ইন (Login) ও লগ-আউট (Logout) রেকর্ড-সহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে সমস্ত ডিজিটাল তথ্য (Digital Records) সংরক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের (Bharatiya Sakshya Adhiniyam) ৬৩(৪) ধারার অধীনে প্রয়োজনীয় শংসাপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে ২৭ জুলাইও দিল্লি পুলিশ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ভিডিও সরানোর নির্দেশ দিয়েছিল। অভিযোগ, দিল্লির যন্তর মন্তরে CJP-র ছাত্র আন্দোলন এবং ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে হিংসার (Violence) পর এমন একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। বর্তমানে পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম (Social Media Monitoring Team) নিয়মিত অনলাইন কার্যকলাপের উপর নজরদারি চালাচ্ছে।
পুলিশের দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকটি আপত্তিকর পোস্ট ও ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার সেল (Cyber Cell) সম্ভাব্য আইনভঙ্গ, ভুয়ো তথ্য (Fake News), ডিপফেক (Deepfake) এবং বিভ্রান্তিকর প্রচার সংক্রান্ত পোস্টও খতিয়ে দেখছে। তদন্তে প্রয়োজন হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পরিচালনাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
