দুর্ঘটনা
নদিয়ায় সেনার পোশাক বিক্রির জেরে বেড়েছে আতঙ্ক, সীমান্তে সন্ত্রাসী হামলার আশঙ্কা
ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে সেনার পোশাক পরা জঙ্গিদের হামলার পর থেকে সেনা ইউনিফর্ম বিক্রি নিয়ে সতর্কতা আরও বেড়েছে। কিন্তু নদিয়ার কৃষ্ণনগরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনো দেদার বিক্রি হচ্ছে জলপাই রঙা সেনা পোশাক, যা সীমান্তে অনুপ্রবেশকারী জঙ্গিদের জন্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, এই পোশাক বিক্রির মাধ্যমে সহজেই ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারী জঙ্গিরা সেনার পোশাক পরে হামলা চালাতে পারে, যা কাশ্মীরের পহেলগাঁও হামলার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নদিয়ার পুলিশ লাইনের সামনে এবং অন্যান্য বাজারে সেনা পোশাকের অবাধ বিক্রি হলেও পুলিশ প্রশাসন কার্যত নীরব।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ড পুলিশের বড়সড় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪ জঙ্গি
শুধু সেনার পোশাক বিক্রি নয়, সীমান্তবর্তী অঞ্চলে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে মুর্শিদাবাদের অশান্তি এবং সীমান্তের ওপারে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে এই অনুপ্রবেশকারীরা ভারতের ভেতরে আসছে এবং ভারতীয় দালাল চক্রের সহায়তায় তারা এলাকা অশান্তি সৃষ্টি করছে।
এখন প্রশ্ন উঠছে, কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ এবং প্রশাসন। “সেনার পোশাক বিক্রি যদি বন্ধ না হয়, তাহলে কি নদিয়ার সীমান্তেও কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে?”—এমন আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
