দেশের খবর
ধর্ষণ ও খুনে দোষী রাম রহিম ফের প্যারোলে মুক্ত, এবার ৪০ দিনের ছুটি
ডিজিটাল ডেস্কঃ ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম (Gurmeet Ram Rahim) ফের প্যারোলে মুক্তি পেলেন। হরিয়ানার সুনারিয়া জেল থেকে সোমবার সকালে মুক্তি পেয়ে তিনি সরাসরি চলে যান সিরসার ডেরা সচ্চা সৌদা আশ্রমে। এই নিয়ে ২০১৭ সালে সাজা ঘোষণার পর মোট ১৪ বার জেল থেকে ছাড়া পেলেন তিনি। এবারের প্যারোলের মেয়াদ ৪০ দিন।
রাম রহিম ২০১৭ সালে দুই নারী অনুগামীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর ২০১৯ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যায় তাঁকে ও আরও তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। একইসঙ্গে, ২০০২ সালে তাঁর প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংহ হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। যদিও চলতি বছরের মে মাসে সেই মামলায় রাম রহিম-সহ পাঁচজনকে আদালত বেকসুর খালাস দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, তদন্ত ছিল ‘দূষিত’ ও ‘অস্পষ্ট’।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় ঢোকার চেষ্টা, গ্রেপ্তার ৫ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী
এই বছরের ৯ এপ্রিল তিনি ২১ দিনের ফারলো (Furlough) পেয়েছিলেন। তার আগেও জানুয়ারিতে ২০ দিনের প্যারোলে মুক্তি পান। লক্ষণীয়ভাবে, রাম রহিমের অধিকাংশ প্যারোল বা ফারলো সময়কালই নির্বাচনী সময়ের সঙ্গে মিলে গেছে। ২০২২ সালে পাঞ্জাব, হরিয়ানা ও উপনির্বাচনের সময় তিনি বারবার মুক্তি পেয়েছিলেন— কখনও ২১ দিন, কখনও এক মাস, আবার কখনও ৪০ দিন।
তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারোলের শর্ত অনুযায়ী রাম রহিম কোনও রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবেন না, কোনও জনসভায় বক্তব্য রাখতে পারবেন না এবং নির্বাচনী রাজ্যেও থাকতে পারবেন না।
ধর্মগুরু হিসেবে তাঁর প্রভাব ও রাজনৈতিক সংযোগ ঘিরে প্যারোল বিতর্ক ফের উসকে উঠেছে জনমনে।
