দেশের খবর
‘মামার বাড়ি’র ভূমিকা নেবে বিজয় সরকার! সরকারি হাসপাতালে সন্তান হলেই মিলবে সোনার আংটি
ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর সংস্কৃতিতে নবজাতকের আগমনে মামার বাড়ি থেকে উপহার (Gift) বা ‘থাইমামান সির’ দেওয়ার এক ঐতিহ্যবাহী রেওয়াজ রয়েছে। এবার সেই আবেগকে সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি নবজাতকের ‘মামার বাড়ি’র ভূমিকা নিতে চলেছে স্বয়ং তামিলনাড়ুর রাজ্য সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (CM C. Joseph Vijay) চালু করতে চলেছেন অভিনব ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’ বা ‘সোনার আংটি প্রকল্প’ (Gold Ring Scheme)। এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে ১ গ্রামের একটি সোনার আংটি দেওয়া হবে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৩,৬০০ টাকা।
আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হবে। তবে গত ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকেই এই সুবিধা কার্যকর (Effective) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য তামিলনাড়ু সরকার বার্ষিক প্রায় ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ (Allocate) করেছে।
কারা পাবেন এই সুবিধা?
তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে (Government healthcare center) সন্তান প্রসব করা সমস্ত মা এই সুবিধা পাবেন। কোনো লিঙ্গবৈষম্য ছাড়াই ছেলে ও মেয়ে উভয় সন্তানই এই উপহার পাওয়ার যোগ্য। এমনকি সন্তানের জন্মক্রম নিয়েও কোনো বিধিনিষেধ নেই। অর্থাৎ, প্রথম কিংবা পরবর্তী—সব সন্তানই এই আংটি পাবে। এই সুবিধা পেতে রেশন কার্ড, ভোটার আইডি (Voter ID), শ্রম কল্যাণ বোর্ডের আইডি, পোস্ট অফিসের ঠিকানার প্রমাণপত্র বা নেটিভিটি সার্টিফিকেট (Nativity certificate) জমা দিতে হবে। এছাড়া অন্যান্য গ্রহণযোগ্য সরকারি পরিচয়পত্রও ব্যবহারের সুযোগ রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে বছরে প্রায় ৭.৮ লাখ শিশুর জন্ম হয়, যার মধ্যে ৫৩ শতাংশ প্রসব হয় সরকারি হাসপাতালে। যেখানে বেসরকারিতে গড় খরচ প্রায় ৬৩,৪৭৩ টাকা, সেখানে সরকারি হাসপাতালে এই খরচ মাত্র ১,৩৬৪ টাকা। সরকারের মতে, সোনা উপহার দেওয়ার এই প্রথা একদিকে যেমন মাতৃত্বের মুহূর্তকে সম্মানিত করবে, তেমনই সরকারি হাসপাতালের প্রতি জনমানসের আস্থা (Public trust) আরও বৃদ্ধি করবে। ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য টেন্ডার প্রক্রিয়া (Tendering process) শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
