দেশের খবর
১৪ বছর পর পাসপোর্টের মূল্যবৃদ্ধি! আবেদনের আগে অবশ্যই জেনে নিন
ডিজিটাল ডেস্কঃ আপনি কি নতুন পাসপোর্ট (Passport) তৈরি করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি খবর। দীর্ঘ ১৪ বছর পর ভারতীয় পাসপোর্টের ফি সংশোধন (Fee Revision) করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। ‘পাসপোর্ট (সংশোধন) বিধিমালা, ২০২৬’-এর অধীনে আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে এই বর্ধিত ফি কার্যকর হতে চলেছে। সম্প্রতি কেন্দ্র স্পষ্ট করেছে যে, পাসপোর্ট কেবল একটি ভ্রমণের নথি (Travel Document), এটি নাগরিকত্বের প্রমাণ (Proof of Citizenship) নয়। এর ঠিক পরদিনই এই মূল্যবৃদ্ধির ঘোষণা করা হলো।
Government has hiked the fees for passports, with a 36-page fresh passport or reissue of #passport now costing Rs 2,500.
The Passports (Amendment) Rules, 2026 will come into force with effect from 1st of July.
In a notification, @MEAIndia said that under the new fee structure,… pic.twitter.com/6xqGAN6Ybk
— All India Radio News (@airnewsalerts) June 25, 2026
নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের খরচ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। জরুরি ভিত্তিতে তৎকাল (Tatkal) স্কিমে এই খরচ ৩,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫,০০০ টাকা। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ৬০ পাতার জাম্বো পাসপোর্টের (Jumbo Passport) সাধারণ ফি ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ টাকা এবং তৎকাল ফি ৬,০০০ টাকা করা হয়েছে।
পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট (Damaged) হলে তা পুনরায় পাওয়ার খরচও এখন বেশ ব্যয়বহুল। ৩৬ পাতার ডুপ্লিকেট পাসপোর্টের সাধারণ ফি ৫,০০০ টাকা এবং তৎকালের জন্য ৭,৫০০ টাকা লাগবে। ৬০ পাতার ক্ষেত্রে এই খরচ যথাক্রমে ৬,০০০ টাকা এবং ৮,৫০০ টাকা।
নাবালকদের (Minors) ক্ষেত্রে ৩৬ পাতার নতুন পাসপোর্টের ফি ধার্য হয়েছে ১,৭৫০ টাকা এবং তৎকালে ৪,২৫০ টাকা। তবে সরকার একটি বিশেষ ছাড়ের (Discount) ব্যবস্থাও রেখেছে। ৮ বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ১০ শতাংশ ফি ছাড় পাবেন।
এছাড়া, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) এবং সারেন্ডার সার্টিফিকেটের জন্য দেশের অন্দরে ৭৫০ টাকা এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য ৪০ মার্কিন ডলার ফি ধার্য করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত পুরোনো হারেই আবেদন করা যাবে, তবে ১ জুলাই থেকে বর্ধিত ফি কাঠামো (Fee Structure) মেনেই অনলাইনে পেমেন্ট করতে হবে।
