বিশ্বের খবর
হামাসের সমর্থনে বিক্ষোভ, ভারতীয় ছাত্রীর ভিসা বাতিল আমেরিকার
ডিজিটাল ডেস্কঃ হামাসের সমর্থনে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ভারতীয় ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসনের স্টুডেন্ট ভিসা প্রত্যাহার করল আমেরিকা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রঞ্জনীর ভিসা গত ৫ মার্চ বাতিল করা হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, তিনি সক্রিয়ভাবে ওই আন্দোলনে যুক্ত ছিলেন এবং তাদের কাছে তার প্রমাণস্বরূপ ভিডিয়োও রয়েছে।
ভিসা বাতিলের পর রঞ্জনী নিজেই আমেরিকা ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। হোমল্যান্ড সিকিউরিটি দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে সামরিক বিমানে তুলে নির্বাসনের ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ।
আরও পড়ুনঃ ৮ দিনের লড়াই শেষে মৃত্যু মাগুরার ধর্ষিতা নাবালিকার
এ বিষয়ে দফতরের সচিব কৃস্টি নোয়েম এক্স হ্যান্ডলে রঞ্জনীর বিমানবন্দরে পা রাখার একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “দেশে হিংসা ও সন্ত্রাসবাদের পক্ষে কথা বলা উচিত নয়।” তিনি আরও উল্লেখ করেন, “আমেরিকায় বসবাস এবং পড়াশোনার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। কিন্তু কেউ যদি হিংসা ও সন্ত্রাসের পক্ষে কথা বলেন, তাহলে তাঁর সেই সুযোগ বাতিল হওয়া উচিত।”
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং প্যালেস্টাইনের সমর্থনে আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, যার মধ্যে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উত্তাল হয়েছে। অবস্থান বিক্ষোভের জেরে ক্যাম্পাসে পুলিশ ঢুকে বহু ছাত্রকে গ্রেফতার করেছে। রঞ্জনী শ্রীনিবাসন ভারতের আহমদাবাদের সিইপিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে স্কলারশিপ নিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য যান। পড়াশোনার পাশাপাশি তিনি সমাজকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন এবং ওয়াশিংটনের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
এই ঘটনার পর, মার্কিন শিক্ষাঙ্গনে রাজনৈতিক আন্দোলনে আন্তর্জাতিক ছাত্রদের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
