স্বাস্থ্য
প্রয়াত পোপ ফ্রান্সিস, মানবতার এক উজ্জ্বল প্রতীককে হারাল বিশ্ব: শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির
ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে শোকের ছায়া। পরলোক গমন করলেন খ্রিস্টান জগতের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছে, সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু। রবিবার ইস্টার উপলক্ষে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছিলেন পোপ, সেই আনন্দের আবহেই একদিন পর এল মৃত্যুসংবাদ।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। এক সময়ে তাঁর একটি ফুসফুসের অংশ বাদ দিতে হয়েছিল। সম্প্রতি সেই সমস্যাই আরও জটিল হয়ে ওঠে। নিউমোনিয়া আক্রান্ত হয় তাঁর দুই ফুসফুসই। শারীরিক পরীক্ষায় একাধিক সমস্যার ইঙ্গিত মিলেছিল। ফেব্রুয়ারি মাসে তাঁকে রোমের একটি হাসপাতালে ভরতি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর ছাড়া পেলেও চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুনঃ বেঙ্গালুরুর প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের রহস্যময় খুন, স্ত্রীর মানসিক সমস্যায় অভিযোগ
তবে রবিবার সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হঠাৎই তিনি হাজির হন সেন্ট পিটার্স স্কোয়ারের ইস্টার প্রার্থনায়। বারান্দা থেকে হাত নাড়িয়ে উপস্থিত ভক্তদের অভিবাদন জানান তিনি। বলেন, “সবার জন্য শান্তি ও ভালোবাসা কামনা করি। হ্যাপি ইস্টার।” গাজা সংঘর্ষ নিয়েও উদ্বেগ প্রকাশ করে যুদ্ধ বন্ধের আবেদন জানান। বিশ্বশান্তির বার্তা দিয়েই কার্যত বিদায় নিলেন এই খ্রিস্টধর্মপ্রাণ নেতা।
সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। ভ্যাটিকান কর্তৃপক্ষের তরফে কার্ডিনাল কেভিন ফেরেল এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, “সারাজীবন যিনি চার্চ এবং ঈশ্বরের সেবায় নিয়োজিত ছিলেন, তাঁর এই বিদায়ে আমরা শোকাহত।”
পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি তার X (টুইটারে) লিখেছেন, “পোপ ফ্রান্সিসের প্রয়াণে গভীরভাবে শোকাহত। এই শোক ও স্মৃতির মুহূর্তে, বৈশ্বিক ক্যাথলিক সমাজের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। পোপ ফ্রান্সিস চিরকাল মানবতা, বিনয় ও আধ্যাত্মিক সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কোটি কোটি মানুষের হৃদয়ে বিরাজ করবেন।”
তিনি আরও লেখেন, “ছোটবেলা থেকেই তিনি খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। দরিদ্র ও নিপীড়িতদের সেবায় তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। যাঁরা যন্ত্রণা ভোগ করছিলেন, তাঁদের হৃদয়ে তিনি আশার আলো জ্বালিয়েছিলেন।”
পোপের সঙ্গে নিজের সাক্ষাৎ প্রসঙ্গে স্মৃতিচারণ করে মোদি বলেন, “আমি তাঁর সঙ্গে আমার সাক্ষাৎগুলিকে স্নেহভরে স্মরণ করি এবং তাঁর অন্তর্ভুক্তিমূলক ও সার্বিক উন্নয়নের অঙ্গীকারে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। ভারতের জনগণের প্রতি তাঁর ভালোবাসা আমরা চিরকাল শ্রদ্ধাভরে মনে রাখব। ভগবানের আশীর্বাদে তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।”
Deeply pained by the passing of His Holiness Pope Francis. In this hour of grief and remembrance, my heartfelt condolences to the global Catholic community. Pope Francis will always be remembered as a beacon of compassion, humility and spiritual courage by millions across the… pic.twitter.com/QKod5yTXrB
— Narendra Modi (@narendramodi) April 21, 2025
উল্লেখ্য, ল্যাটিন আমেরিকা থেকে প্রথম পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফ্রান্সিস। খ্রিস্টধর্মের প্রচলিত অনেক নিয়মে সংস্কার এনে তিনি নতুন দৃষ্টিভঙ্গির দরজা খুলেছিলেন। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বরাবর ছিলেন অগ্রগামী। তাঁর প্রয়াণে শুধুমাত্র ক্যাথলিক ধর্মাবলম্বীরা নয়, সমগ্র বিশ্ব এক মহামানবকে হারাল।
