অপারেশন সিঁদুর
পাকিস্তানের সঙ্গে খেলা মানেই শহিদদের অপমান, বললেন ওয়েইসি
ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েক ঘণ্টা পর এশিয়া কাপে (Asia Cup) মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ঠিকই, তবে পাল্লা দিয়ে বাড়ছে বয়কটের ডাকও। বিশেষ করে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) সরাসরি প্রশ্ন তুলেছেন—২৬ জন শহিদের প্রাণের চেয়ে কি এই ম্যাচ থেকে বিসিসিআইয়ের (BCCI) পাওয়া টাকা বেশি দামী?
ওয়েইসির তীব্র ভাষায় আক্রমণ, “এই একটা ম্যাচ থেকে বিসিসিআই কত টাকা পাচ্ছে? ২ হাজার কোটি, ৩ হাজার কোটি? সেটা কি ২৬টা প্রাণের চেয়েও মূল্যবান?” তাঁর বক্তব্য, পহেলগাঁও হামলায় (Pahalgam Attack) পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত ২৬ জন ভারতীয়ের স্মৃতিকে অবমাননা করা হচ্ছে এই ম্যাচ আয়োজন করে।
ওয়েইসির অভিযোগ, “যে পাকিস্তানি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে করে ২৬ জন ভারতীয়কে হত্যা করল, তাঁদের দেশের সঙ্গে কি আমাদের ক্রিকেট খেলতেই হবে?” তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন উত্তরপ্রদেশ এবং অসমের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে, “আপনাদের কি একটাও ম্যাচ বয়কট করার ক্ষমতা নেই?”
প্রধানমন্ত্রীকেও (Prime Minister) কাঠগড়ায় তুলে তিনি বলেন, “আপনি নিজেই বলেছিলেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। তাহলে এখন কেন এই ম্যাচ?”
এখানেই শেষ নয়, ওয়েইসি সাফ জানিয়েছেন, তিনি এবং তাঁর সমর্থকরা এই ম্যাচ দেখবেন না। একইভাবে আম আদমি পার্টি (AAP) জানিয়েছে, দিল্লির কোনও রেস্তরাঁ বা পাব যদি ম্যাচের লাইভ স্ট্রিমিং করে, তবে সেই সব জায়গাকে চিরতরে বয়কট করা হবে। আপের মতে, “এই ম্যাচ ভারতীয় মহিলাদের সিঁদুরের অপমান।”
উল্লেখ্য, পাকিস্তান এবার ভারতের হকি দলকে (Hockey Team) আমন্ত্রণ জানায়নি, অন্যদিকে লেজেন্ডস লিগে (Legends League) ইরফান পাঠান ও হরভজন সিং পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন। তা সত্ত্বেও এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। বিষয়টি নিয়ে সমর্থক মহলে বিভক্ত মত।
ওয়েইসির কড়া বক্তব্যে আবারও সামনে এল সেই পুরনো প্রশ্ন—কূটনীতি ও সন্ত্রাসের ছায়ায় কি আদৌ হওয়া উচিত ভারত-পাক ম্যাচ?
