খেলার খবর
রোহিতের পর এবার কোহলি? টেস্ট অবসর নিয়ে গুঞ্জনে উত্তাল ক্রিকেটমহল
ডিজিটাল ডেস্কঃ টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। বিসিসিআই (BCCI) ঘনিষ্ঠ সূত্রের খবর, ৩৬ বছর বয়সী প্রাক্তন অধিনায়ক দেশের হয়ে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন। রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট থেকে অবসর ঘোষণার পর এবার আরও এক সিনিয়র ক্রিকেটারের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে জোর গুঞ্জন।
সূত্রের দাবি, ইংল্যান্ড সফরের আগেই এই সিদ্ধান্ত নিতে পারেন কোহলি। যদিও ভারতীয় বোর্ড এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, “ও (বিরাট) এখনও শারীরিকভাবে দারুণ ফিট। দলের মধ্যে তার উপস্থিতি তরুণদের জন্য অনুপ্রেরণার। আমরা চাই, ও সময় নিয়ে ভাবুক এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।”
ভারতের সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিদেশ সফর— ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে কোহলির অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা হতে পারে দলে বড় শক্তি। তাই বোর্ড এখনও চাইছে, কোহলি যেন অবসর নেওয়ার আগে আরও একবার ভেবে দেখেন।
এদিকে, এখনও পর্যন্ত কোহলির তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আবেগের ঝড়। ভক্তদের পাশাপাশি একাধিক প্রাক্তন ক্রিকেটারও তাঁর অবসর না নেওয়ার আবেদন জানাচ্ছেন। তাঁদের মতে, ভারতীয় ক্রিকেটের এই ‘মডার্ন গ্রেট’ এখনও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখেন।
সব মিলিয়ে রোহিতের অবসরের পরে বিরাট কোহলির সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে এখন তীব্র আলোচনায় মগ্ন ক্রিকেটবিশ্ব। যদি তিনি সত্যিই অবসর নেন, তবে ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা থাকছে।
