দেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে, অথচ দেশে পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায়
নিউজ ডেস্ক , ১৪ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকা সত্বেও পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে দেশে। কার্যত পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যুক্তি দেখালেও আদতে তা কতটা সত্যি তা নিয়ে উঠছে প্রশ্ন। রবিবার নিয়ে টানা ছয়দিন ধরে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। কেন্দ্রের বিজেপি সরকার তাদের মূল্যবৃদ্ধির জাঁতাকলে পিষে কী তহবিল ভরবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
পরপর ছ’দিন বৃদ্ধির ফলে ফের রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে পেট্রল এবং ডিজেলের দাম। প্রথমবার কলকাতায় পেট্রল পেরিয়েছে ৯০ টাকার গণ্ডী। ডিজেলও পেরিয়েছে ৮২ টাকা। এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ তা সত্ত্বেও হুঁশ নেই কেন্দ্রের। যেনতেন প্রকারে পেট্রোল একশো টাকা লিটার পেরোনোর পরিকল্পনা করছে বলে অভিযোগ সাধারণ মানুষের। দেশের চাত মহানগরীতে রবিবার তেলের দাম বেড়েছে। ২৮ পয়সা দাম বাড়ায় কলকাতায় ৯০ টাকার গণ্ডী পেরিয়েছে পেট্রোলের। সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে দাম ৯০ টাকা ১ পয়সা। তবে সাধারণ নাগরিকরা তেল কিনতে পারবেন ৮৯ টাকা ৯৯ পয়সায়। এদিকে ডিজেলের দামেও একইভাবে রেকর্ড করেছে শহর কলকাতা। শহরে ডিজেলে দাম এদিন বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৬৩ পয়সা। রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা বেড়ে হয়েছে ৮৮টাকা ৪৪ পয়সা। একইভাবে ডিজেলের বেড়ে হয়েছে ৭৮ টাকা ৪৪ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম রেকর্ড ৯৫ টাকার কাছে পৌঁছে গিয়েছে। মুম্বাইয়েও সকালে পেট্রলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা। একইভাবে ডিজেলের (Diesel) দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৫টাকা ৭০ পয়সা। চেন্নাইয়ে আজ লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৮৩ পয়সা। একইভাবে ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সা। শনিবার দেশে পেট্রলের বেসিক মূল্য ছিল মাত্র ২৯ টাকা ৩৪ পয়সা। তাঁর সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রের প্রায় ৩২ টাকা শুল্ক, রাজ্যের প্রায় ২০ টাকা ভ্যাট এবং বিক্রেতার কমিশন, সেস। পাশাপাশি পেট্রল-ডিজেলের উপর কৃষি সেস বসিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। পেট্রলে লিটারপ্রতি চার টাকা এবং ডিজেলে লিটারপ্রতি ২.৫ টাকা অতিরিক্ত সেস বসেছে।
