দেশের খবর
নিট বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ মামলায় স্বস্তি! অতীতের ধৃতদের মুক্তি দিলেও ‘দাগি’দের ছাড় নয় রায় সুপ্রিমের
ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ঘিরে দেশজুড়ে হওয়া বিক্ষোভের মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ (Interim Order) দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant)-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, যেসব আন্দোলনকারীর বয়স ১৮ বছরের কম, তাঁদের অবিলম্বে মুক্তি (Release) দিতে হবে। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধমূলক রেকর্ড (Criminal Record) নেই, তাঁদেরও আর আটক করে রাখা যাবে না।
মঙ্গলবার একাধিক মামলার একত্রিত শুনানিতে আদালত আরও স্পষ্ট করে জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR)-এর ভিত্তিতে আপাতত কোনও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যাবে না। এই বিষয়ে কেন্দ্র (Centre)-কে নোটিস জারি করার পাশাপাশি মহারাষ্ট্র, বিহার, অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকেও জবাব দিতে বলা হয়েছে।
তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে অতীতে অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই অন্তর্বর্তী সুরক্ষা প্রযোজ্য হবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, গোটা ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত (Independent Investigation) প্রয়োজন। কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আদালত আরও নির্দেশ দিয়েছে, আন্দোলনকারীদের ব্যক্তিগত তথ্য (Personal Information) কোনওভাবেই প্রকাশ্যে আনা যাবে না। পাশাপাশি আন্দোলনের সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজ (CCTV Footage), ড্রোন রেকর্ডিং (Drone Recording), বডি ক্যামেরা (Body Camera)-র ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করতে হবে।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। ভবিষ্যতে এ ধরনের আন্দোলন মোকাবিলায় প্রশাসনের জন্য একটি স্পষ্ট নীতি (Policy) তৈরির প্রয়োজন রয়েছে বলেও আদালত মত প্রকাশ করেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তা নিয়েও যথাযথ নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত।
