অপারেশন সিঁদুর
মুসলিম অধ্যুষিত এলাকায় না যাওয়ার পরামর্শ শুভেন্দুর, তোলপাড় রাজনীতি
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাম হামলার পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, যেসব জায়গায় মুসলিম জনসংখ্যা বেশি, সেখানে বাঙালিদের না যাওয়াই ভালো। তাঁর কথায়, কাশ্মীর নয়, হিমাচল বা উত্তরাখণ্ডে গেলে বেশি সুরক্ষিত থাকবেন পর্যটকেরা।
এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকের মতে, শুভেন্দুর এই মন্তব্য কেন্দ্রীয় সরকারের প্রচারের বিপরীতে চলে যাচ্ছে, যেখানে কাশ্মীরকে নিরাপদ পর্যটনস্থল হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) তীব্র প্রতিক্রিয়ায় বলেন, “কেউ কোথায় যাবেন তা বলার অধিকার শুভেন্দু অধিকারীর নেই। ওনার কী হয়েছে বুঝতে পারছি না। কাশ্মীরের পাশে দাঁড়িয়েছে সবাই— এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওমর আবদুল্লার মধ্যেও সদ্য বৈঠক হয়েছে।”
শশীর অভিযোগ, শুভেন্দু জনগণের মনে ভয় তৈরি করছেন এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছেন।
রাজনীতির তাপে ঘি ঢালার মতোই এই মন্তব্য বিজেপির অন্দরে আলোড়ন তুলেছে। কারণ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব বারবার কাশ্মীরের উন্নয়ন ও নিরাপত্তা নিয়েই ইতিবাচক বার্তা দিয়ে এসেছে।
তৃণমূলের কটাক্ষ, শুভেন্দু কি তবে নিজের দলের কেন্দ্রীয় নেতাদের মতের বিরোধিতা করছেন? শশী পাঁজা শেষমেশ বলেন, “বাংলার মানুষ এসব বুঝে গিয়েছে। কে কোথায় যেতে বলছে, তার চেয়েও বড় বিষয়— কে কী উদ্দেশ্যে বলছে।”
