ভাইরাল খবর
‘বালু যত ভালো কাজ করেছে কেউ পারেনি’! সভা থেকে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট মমতার
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঝোড়ো প্রচারের মাঝে বারাসতের সভা থেকে এক বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং দীর্ঘ এক বছরেরও বেশি সময় জেল খাটা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ওপর ফের পূর্ণ আস্থা (Faith) প্রকাশ করলেন তিনি। হাবড়া (Habra) কেন্দ্রের প্রার্থীর সমর্থনে দাঁড়িয়ে মমতা সাফ জানালেন, তাঁর সরকারের সেরা মন্ত্রীদের মধ্যে বালু অন্যতম এবং তাঁকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
এদিন বারাসতের নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার সরকারে বালু যত ভালো কাজ করেছে, তা আর কেউ করতে পারেনি।” তিনি দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই রাজ্যে রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন (Transformation) এবং ডিজিটাল রেশন কার্ডের প্রচলন সম্ভব হয়েছে। নেত্রীর অভিযোগ, বাম আমলের প্রায় দেড় কোটি ভুয়ো (Fake) রেশন কার্ডের কারচুপি ধরে ফেলাই কাল হয়েছিল বালুর জন্য। সেই আক্রোশ থেকেই বিজেপিকে (BJP) দিয়ে তাঁকে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) মারফত গ্রেপ্তার করানো হয়েছিল।
জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারিকে ‘হিংসে’ এবং ‘অপমান’ হিসেবে ব্যাখ্যা করে মমতা এদিন বিরোধীদের একযোগে নিশানা করেন। তিনি বলেন, “সিপিএম, কংগ্রেস আর বিজেপি—তিনটেই সেম সেম।” মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, কেন বারবার তাঁর আঁকা ছবি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবসা নিয়ে কুৎসা (Slander) করা হয়। জেল থেকে মুক্তির পর ফের হাবড়া আসনে বালুকে প্রার্থী করার মাধ্যমে তৃণমূল নেতৃত্ব বুঝিয়ে দিল, দুর্নীতির অভিযোগ সত্ত্বেও দলের ভেতরে তাঁর গুরুত্ব কমেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নেত্রীর এই দরাজ সার্টিফিকেট (Certificate) হাবড়ার লড়াইয়ে জ্যোতিপ্রিয়কে মানসিকভাবে অনেকটা এগিয়ে দিল।


