উত্তর দিনাজপুর
করণদীঘি বিধানসভায় বড় চমক,একই নামে একাধিক প্রার্থীর মনোনয়ন
ডিজিটাল ডেস্কঃ বঙ্গে বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোটকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার করণদীঘি আসনে তৈরি হয়েছে এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর পরিস্থিতি। ৬ই এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার মেয়াদ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, জেলার অন্য সব কেন্দ্রের তুলনায় করণদীঘিতে প্রার্থীর সংখ্যা যেমন বেশি, তেমনই একই নামের প্রার্থীর আধিক্য সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক মহলে তুমুল চর্চা তৈরি করেছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, করণদীঘি আসনে মোট ২৯টি মনোনয়নপত্র (Nomination Papers) জমা পড়েছিল। এর মধ্যে ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের (Political Parties) এবং ১৩ জন নির্দল (Independent) প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই কেন্দ্রে একই নামে প্রার্থী রয়েছেন মোট ৬ জন।
প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রধান তিন দল তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি (BJP) এবং সিপিআইএম (CPIM) প্রার্থীর সমনামী নির্দল প্রার্থী রয়েছেন ওই তালিকায়। বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস ৩টি এবং তৃণমূলের গৌতম পাল ২টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু বিস্ময়করভাবে, লড়াইয়ে রয়েছেন আরও একজন নির্দল বিরাজ বিশ্বাস এবং একজন নির্দল গৌতম পাল। এমনকি সিপিআইএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিনের নামেও অন্য একজন নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটারদের বিভ্রান্ত (Confuse) করতেই এই ধরণের ‘ডামি’ প্রার্থী দাঁড় করানোর কৌশল নেওয়া হয়েছে।
এছাড়াও করণদীঘি আসনে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) ৩ জন প্রার্থীর নাম জমা দিয়ে লড়াইকে বহুমুখী করে তুলেছে। তালিকায় রয়েছেন আব্দুল করিম, সাবিনা ইয়াসমিন এবং মেহবুব আলম। কংগ্রেস (Congress) থেকে লড়ছেন মুরশিদ আলি এবং ভূমিপুত্র ইউনাইটেড পার্টি থেকে রমেশ চন্দ্র সিংহ। ৯ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের (Withdrawal) শেষ দিন। ওই দিন বিকেলের পরই চূড়ান্তভাবে জানা যাবে ইভিএম-এ (EVM) একই নামের প্রার্থীদের নিয়ে ঠিক কতজনের লড়াই বজায় থাকে। ২৩শে এপ্রিল প্রথম দফায় উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোটগ্রহণ হবে।


