ভাইরাল খবর
স্কুল পড়ুয়াদের জন্য বড় স্বস্তি! ব্যাগের ওজন থেকে হোমওয়ার্কে নতুন নিয়ম শিক্ষা দফতরের
ডিজিটাল ডেস্কঃ স্কুল পড়ুয়াদের শারীরিক ও মানসিক চাপ কমাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর (School Education Department)। এবার থেকে কোনও পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন (School Bag Weight) তাঁর শরীরের মোট ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। কেন্দ্রীয় শিক্ষা দফতরের সঙ্গে যৌথভাবে জাতীয় শিক্ষা নীতির (National Education Policy) আওতায় এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের কোনও ব্যাগ বহন করতে হবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ব্যাগের সর্বোচ্চ ওজন ২ কেজি ২০০ গ্রাম নির্ধারণ করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে আড়াই কেজি, ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে ২ থেকে ৩ কেজি এবং অষ্টম শ্রেণিতে সর্বাধিক ৪ কেজি পর্যন্ত ব্যাগ বহনের অনুমতি মিলবে। নবম-দশম শ্রেণির ক্ষেত্রে সীমা ৪.৫ কেজি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সর্বাধিক ৫ কেজি নির্ধারণ করা হয়েছে।
শুধু ব্যাগ নয়, হোমওয়ার্ক (Homework) নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশ। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে সর্বাধিক ২ ঘণ্টা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে দিনে ১ ঘণ্টা পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া যাবে। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে দিনে ২ ঘণ্টা পর্যন্ত কাজ দেওয়ার অনুমতি রয়েছে।
এদিকে দাবদাহের কথা মাথায় রেখে গরমের ছুটিও বাড়ানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। আগামী ১ জুন থেকে রাজ্যের স্কুল খুলবে।
শিক্ষামহলের মতে, অতিরিক্ত ব্যাগের ওজন ও হোমওয়ার্কের চাপ কমাতে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।


