রাজনীতি
বিজেপি নেতাদের বাংলাদেশে পুশব্যাকের হুমকি, বিতর্কে তৃণমূল সভাপতি
ডিজিটাল ডেস্ক: ফের উত্তাল রাজনীতি। মালদহে (Malda) প্রকাশ্যে বিজেপি (BJP) নেতাদের বাংলাদেশে পুশব্যাক করার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন জেলা তৃণমূল (TMC) সভাপতি আব্দুল রহিম বক্সী (Abdul Rahim Boxi)। দলীয় সভায় মঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, “বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটিয়ে বাংলাদেশে পুশ করে দেব। তারপর ক্ষমা চেয়ে নেব। আমি বলব, বিজেপি করছে বলে ভুলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি।”
তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিজেপি মানুষের অধিকার রক্ষার লড়াই করছে। কিন্তু তৃণমূল মানুষে মানুষে বিভেদ ঘটাচ্ছে এবং সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে।”
যদিও বিতর্কিত মন্তব্যের পরও বিন্দুমাত্র অনুতপ্ত নন আব্দুল রহিম বক্সী। সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি ফের বলেন, “বিজেপির বড় নেতারা, যারা কলকাতায় বসে ভাষণ দিচ্ছেন, তাঁদের পদাঘাত করে বাংলাদেশে পাঠাব।”
তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টিকে নরম করে দেখানোর চেষ্টা করছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “কথায় কথায় তো বিজেপি বলে মানুষকে পাঠাবে। তার প্রতিবাদ করতে গিয়েই হয়তো আব্দুল রহিম কিছু বলেছেন। পুরো বক্তব্য না শুনে মন্তব্য করা ঠিক নয়।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘পুশব্যাক’ (Pushback) ইস্যু বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভিন রাজ্যে কাজে যাওয়া একাধিক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ফেরানোর অভিযোগ উঠেছিল। পরে রাজ্য পুলিশের তৎপরতায় তাঁদের ফিরিয়ে আনা হয়। সেই আবহেই শাসকদলের জেলা সভাপতির এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।