ভোটের খবর
বিহার জয়ে উচ্ছ্বসিত এনডিএ, পরের লক্ষ্য বাংলায় সরকার—দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ বিহার বিধানসভা ভোটের (Vote) প্রাথমিক ফলাফল যত সামনে আসছে, ততই বিজেপি-র পাল্লা ভারী হচ্ছে। আর সেই হাওয়াতেই আরও চাঙ্গা হয়ে উঠেছে গেরুয়া শিবির, বিশেষত পশ্চিমবঙ্গকে (West Bengal) ঘিরে বেড়ে উঠছে নতুন আশা। সকালেই ভোটগণনার প্রবণতায় এনডিএ (NDA) এগিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “বিহারের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আর নৈরাজ্যের সরকার চলবে না। বিহারের যুবসমাজ (Youth) খুবই বুদ্ধিমান। এই জয় উন্নয়নের জয়। আমরা বিহারে জিতছি, আর এখন লক্ষ্য বাংলা।” তিনি দাবি করেন, আগামী বছর বাংলায় বিজেপিই সরকার গড়বে।
ইতিমধ্যেই পাটনার বিজেপি অফিসে টাঙানো হয়েছে একটি বিশাল ব্যানার (Banner)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল জানান, এনডিএ এবার ব্যাপক জনসমর্থন পাচ্ছে এবং সরকার গঠন প্রায় নিশ্চিত। তাঁর বক্তব্য, নীতীশ কুমার থেকে চিরাগ পাসোয়ান, জিতন রাম মাঝি, উপেন্দ্র কুশওয়া, প্রধানমন্ত্রী মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ থেকে রাজনাথ সিং—সকলের সম্মিলিত পরিশ্রমেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি আরও জানান, “আমাদের স্লোগান ছিল—‘দুহাজার পচ্চিশ, ফির একবার নীতীশ’, এবং সেই স্লোগানই বাস্তবে রূপ নিতে চলেছে।”
বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বলেন, প্রাথমিক প্রবণতাতেই স্পষ্ট—এনডিএ পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা (Majority) পেতে চলেছে। তাঁর কথায়, “পঞ্চপাণ্ডবের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলই এই জয়।”
অন্যদিকে, ভোটগণনা শুরু হওয়ার কয়েক মিনিট আগেই আরজেডির নেতা তেজস্বী যাদব তাঁর বাবা লালুপ্রসাদ এবং দিদি, লোকসভা সদস্য মিসা ভারতীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, “আমরা জিততে চলেছি। সকলকে ধন্যবাদ। পরিবর্তন আসতে চলেছে। আমরা সরকার গড়তে চলেছি।” উল্লেখযোগ্যভাবে, পারিবারিক কেন্দ্র রাঘোপুর থেকে এগিয়ে রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীও।


