পচা জলে নাভিশ্বাস, জাতীয় সড়ক অবরোধ
Connect with us

মালদা

পচা জলে নাভিশ্বাস, জাতীয় সড়ক অবরোধ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ইংরেজবাজার , ২৯ সেপ্টেম্বর :  দীর্ঘ ছয় মাস ধরে জলবন্দি হয়ে রয়েছেন মালদার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দারা। এই দুর্দশার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা মালঞ্চপল্লী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে বসে পড়েন তারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে বৃষ্টি এবং নর্দমার দুষিত জলে বন্দি হয়ে রয়েছেন তাঁরা। ইংরেজবাজার পুরকর্তৃপক্ষ এবং স্থানীয় কাউন্সিলরকে এব্যাপারে একাধিকবার জানালেও কোনো কাজ হয় নি। এদিন প্রতিকার চেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় ঘন্টা তিনেক ধরে চলে এই পথ অবরোধ কর্মসূচি। পরে ঘটনাস্থলে পৌঁছান সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো ও ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়।

ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাদের হস্তক্ষেপে পথ অবরোধ উঠলেও পরে জেলা প্রশাসন ভবনের সামনে এসে তারা বিক্ষোভ দেখায়। দ্রুত সমাধান না হলে আগামী দিনে তারা আবার বৃহত্তর আন্দোলনে সামিল হবেন হুঁশিয়ারী দেন মহিলারা।