ভাইরাল খবর
কসবা ধর্ষণ কাণ্ডে নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন, ঘটনাস্থলে গিয়ে তোপ অর্চনা মজুমদারের
ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ (Kasba Law College) ধর্ষণকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্যের মধ্যে রবিবার সকালে ঘটনাস্থলে হাজির হল জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন কমিশনের সদস্যা অর্চনা মজুমদার (Archana Majumder)। কলেজ চত্বর ঘুরে দেখার পর নির্যাতিতার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা।
এদিন সকালে প্রথমে কসবা থানায় গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যারা। জানা গিয়েছে, শুক্রবারই কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)-র সঙ্গে যোগাযোগ করে তিন দিনের মধ্যে তদন্ত-সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়। শনিবার ঘটনাস্থলে যাওয়ার কথা থাকলেও, সেইদিন ঘটনার পুনর্গঠন হওয়ায় নির্যাতিতাকে কলেজে নিয়ে যাওয়া হয়। ফলে রবিবার কলেজ পরিদর্শন ও নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেয় কমিশন।
তবে তদন্তপ্রক্রিয়া ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্চনা। তাঁর অভিযোগ, “প্রথমে কলেজে প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল। বলা হয় ছবি তোলা যাবে না। ভিকটিম কোথায় তা জিজ্ঞেস করলেও পুলিশের তরফে সঠিক জবাব দেওয়া হয়নি।” যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে, শর্ত মেনে কলেজ চত্বরে প্রবেশ করে মহিলা কমিশনের দল।
এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র (Manojit Mishra)-সহ দু’জন বর্তমান ছাত্র এবং এক নিরাপত্তারক্ষী। অভিযোগ, নিরাপত্তারক্ষী ধর্ষণের সময় কলেজ গার্ডরুমেই উপস্থিত ছিলেন, তবুও কোনওরকম সাহায্য করেননি।
ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলি। গোটা ঘটনাই এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
