ভাইরাল খবর
কসবা গণধর্ষণ: অভিযুক্ত প্রমিতের বাড়িতে ঢুকে তল্লাশি SIT-এর, বাজেয়াপ্ত নানা তথ্যপ্রমাণ
ডিজিটাল ডেস্কঃ কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (Kasba Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়ের (Pramit Mukhopadhyay) হাওড়ার চ্যাটার্জিহাটের বাড়িতে রবিবার সকালেই তল্লাশি চালাল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। এলাকা জুড়ে ছড়াল চাঞ্চল্য।
স্থানীয়দের দাবি, ‘পি’ (প্রমিত মুখোপাধ্যায়) পরিচিত ছিলেন শান্ত স্বভাব, হাসিখুশি ও অধ্যয়ননিবিষ্ট এক ছাত্র হিসেবে। তাই তাঁর নাম এমন এক ভয়াবহ অপরাধে জড়ানোয় হতবাক প্রতিবেশীরা। পুলিশ বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে ঘর থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে বলে সূত্রের খবর। যা তদন্তে কাজে আসবে বলেই অনুমান করছেন কর্তারা।
আরও পড়ুনঃ কসবা ধর্ষণ কাণ্ডে নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন, ঘটনাস্থলে গিয়ে তোপ অর্চনা মজুমদারের
ধৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তদন্তকারীরা। যদিও তাঁরা সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। ধৃতকে পুলিশি গাড়িতে তোলার সময় বহু মানুষ আশপাশে ভিড় জমান। এক প্রতিবেশীর কথায়, “ও যদি দোষী হয়, তবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত। এমন কাজ বরদাস্ত করা যায় না।”
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিতার অভিযোগ ও সিসিটিভি ফুটেজে ‘পি’-র উপস্থিতির প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে— মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra), প্রাক্তন ছাত্রনেতা ও অস্থায়ী কলেজ কর্মী; অপর দুই ছাত্র জইব আহমেদ (Jaib Ahmed) ও প্রমিত মুখোপাধ্যায় এবং এক নিরাপত্তারক্ষী।
শনিবার নির্যাতিতাকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করে SIT। অভিযুক্তদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। সিটের সদস্য সংখ্যা বাড়িয়ে ৯ জন করা হয়েছে, যেখানে নতুন সদস্য হিসেবে রয়েছেন একজন মহিলা সাব-ইনস্পেক্টরও। তদন্তে গতি আনতেই নেওয়া হয়েছে এই সব পদক্ষেপ।
