এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী
Connect with us

দুর্ঘটনা

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুজরাতের অহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান ২৪০ জন যাত্রী-সহ ভেঙে পড়ার পর থেকেই ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “অহমদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত এবং মর্মাহত করেছে। ভাষায় প্রকাশ করা যায় না এমন এক কষ্টের মধ্যে রয়েছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি গভীরভাবে সমবেদনা জানাই।”

প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং মন্ত্রী ও প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

Advertisement
ads

এদিকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু (Ram Mohan Naidu) এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অসামরিক বিমান মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং মেডিক্যাল টিম ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্ধারকাজ জোরকদমে চলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল (Murlidhar Mohol) জানিয়েছেন, ডিজিসিএ-সহ (DGCA) সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “উদ্ধারকাজে কোনো গাফিলতি রাখা হচ্ছে না। বেশি সংখ্যক জীবন বাঁচানোই এখন সবচেয়ে বড় লক্ষ্য।”

গুরুতর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের সকলের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। ঈশ্বর যেন সকলকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশের এই মর্মান্তিক বিপর্যয়ে একযোগে সক্রিয় কেন্দ্র এবং রাজ্য প্রশাসন। দ্রুত উদ্ধার এবং যথাযথ তদন্তের নির্দেশ ইতিমধ্যেই জারি হয়েছে। বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পুরোদমে কাজ চলছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement