দেশের খবর
মণিপুর সফরে মোদী, উন্নয়ন প্রকল্পে ভরসা, রাহুলের কটাক্ষে রাজনীতি উত্তাল
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ দুই বছর ধরে জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুর (Manipur)। সেই পরিস্থিতিতে ১৩ সেপ্টেম্বর, শনিবার, অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সফর করতে চলেছেন উত্তপ্ত রাজ্যে। ৮,৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প (development projects) উদ্বোধনের পাশাপাশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের (IDPs – Internally Displaced Persons) সঙ্গে দেখা করবেন এবং শান্তি ও স্বাভাবিকতা ফেরাতে আহ্বান জানাবেন বলেই মনে করা হচ্ছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাদ মোদী পৌঁছাবেন চুরাচাঁদপুরে (Churachandpur)। সেখানেই উদ্বোধন করবেন ৭,৩০০ কোটি টাকার একটি প্রকল্প। এরপর যাবেন ইম্ফলে (Imphal), যেখানে ১,২০০ কোটি টাকার আরও একটি প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুখ্যসচিব পুণিত গোয়েল জানিয়েছেন, “পাহাড় এবং উপত্যকার (hill and valley) মানুষরা শান্তি ফেরাতে যে প্রচেষ্টা চালাচ্ছেন, তা প্রশংসনীয়। মোদীর সফর সেই চেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
প্রধানমন্ত্রী একাধিক জনসভায় ভাষণ দেবেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করতে পারেন বলে সূত্রের খবর।
তবে মোদীর এই সফর নিয়ে বিরোধীরা মুখে কুলুপ এঁটে থাকেনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কটাক্ষ করে বলেছেন, “এটা কোনও বড় বিষয় নয়। অনেক দেরি করে যাচ্ছেন তিনি। মণিপুরের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। ভালো, অন্তত এখন যাচ্ছেন।” পাশাপাশি তিনি ফের “ভোট চুরির” (vote rigging) প্রসঙ্গ তোলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালেই উত্তপ্ত মণিপুর সফরে গিয়ে IDP-দের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী।


