দেশের খবর
জাতীয় মহাকাশ দিবসে ভারতের মহাকাশ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ মোদির
ডিজিটাল ডেস্কঃ জাতীয় মহাকাশ দিবসে (National Space Day) আবারও ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla) প্রসঙ্গে গর্ব প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভারতের পতাকা উত্তোলনের মুহূর্ত স্মরণ করে তিনি জানান, সেই দৃশ্য প্রত্যেক ভারতবাসীর মনে গর্বের সঞ্চার করেছে।
প্রধানমন্ত্রী বলেন, “যখন শুভাংশু আমাকে জাতীয় পতাকা দেখালেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই আলাপচারিতায় আমি ভারতের তরুণ প্রজন্মের সাহস, স্বপ্ন ও দৃঢ় সংকল্পকে খুব কাছ থেকে দেখেছি।” তিনি আরও যোগ করেন, দেশ এখন দ্রুত মহাকাশ অভিযানে আত্মনির্ভর হয়ে উঠছে। বিশেষত সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন (Semi-Cryogenic Engine) প্রযুক্তিতে ভারতের সাফল্য মহাকাশ গবেষণায় আরও শক্ত ভিত তৈরি করছে।
Greetings on National Space Day! India’s journey in space reflects our determination, innovation and the brilliance of our scientists pushing boundaries. https://t.co/2XPktf49Ao
— Narendra Modi (@narendramodi) August 23, 2025
মোদির কথায়, ভারত ইতিমধ্যেই চাঁদ ও মঙ্গলে অভিযানে পৌঁছে গিয়েছে, এবার লক্ষ্য ‘ডিপ স্পেস’। এজন্য তিনি দেশজুড়ে এক শক্তিশালী নভশ্চর বাহিনী গড়ে তোলার বার্তাও দেন। তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, ভারতের ভবিষ্যৎ মহাকাশ যাত্রাকে এগিয়ে নিতে এই পুলে যোগ দেওয়া জরুরি।
গত সপ্তাহেই মহাকাশ মিশন শেষ করে রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতের ছবি নিজে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে মোদি লেখেন— “শুভাংশুর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। আমরা মহাকাশে তাঁর অভিজ্ঞতা, বিজ্ঞান-প্রযুক্তির উন্নতি ও ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন (Gaganyaan Mission) নিয়ে কথা বলেছি। তাঁর কৃতিত্বে দেশ গর্বিত।”


