ভাইরাল খবর
নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত,পকসো আদালতের রায়ে ন্যায় পেল পরিবার
ডিজিটাল ডেস্কঃ নাবালিকা ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনাল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ রায় দেন বিচারক রিন্টু সুর। আদালতের নির্দেশ অনুযায়ী, দণ্ডিত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে (District Legal Services Authority)।
ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নাবালিকার প্রতিবেশী ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবার ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে।
আরও পড়ুনঃ লজ্জা! পিরিয়ড হওয়ায় ক্লাসের বাইরে পরীক্ষা দিতে হল ছাত্রীকে
পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মামলার শুনানিতে মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল-জবাবের পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। এই বিষয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত বলেন, “আদালতের এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক বড় পদক্ষেপ। দোষীকে কঠিন সাজা দেওয়া হয়েছে এবং ভিকটিমের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে।”
