আত্মসমর্পণের অনুরোধ উপেক্ষা, ভিডিওয় আর্মিকে হুমকি দিয়ে খতম জঙ্গি
Connect with us

হামলা

আত্মসমর্পণের অনুরোধ উপেক্ষা, ভিডিওয় আর্মিকে হুমকি দিয়ে খতম জঙ্গি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীর উপত্যকা জুড়ে শুরু হয়েছে সেনাবাহিনীর (Indian Army) জোরদার অভিযান। ভারতীয় গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অপারেশন ‘সিঁদুর’-এর মাধ্যমে ইতিমধ্যেই পাকিস্তান মদতপুষ্ট শতাধিক জঙ্গিকে নিকেশ করেছে ভারত। তবে এখনও পর্যন্ত পহেলগাঁও বিস্ফোরণের মূল চক্রীদের হদিস মেলেনি। এই পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে টানা তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।

গত কয়েক দিনে পুলওয়ামা (Pulwama), শোপিয়ান (Shopian) এবং সংলগ্ন জেলাগুলিতে অভিযান চালিয়ে ৬ জন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। এই আবহে বৃহস্পতিবার সকালে পুলওয়ামার নাদের ত্রাল এলাকায় এক এনকাউন্টারে তিন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গিকে হত্যা করা হয়। নিহত জঙ্গিদের মধ্যে অন্যতম নাজির ওয়ানি (Nazir Wani)-র একটি ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, অপারেশনের ঠিক আগমুহূর্তে মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছে জঙ্গি নাজির। মায়ের কাতর অনুরোধ— “আত্মসমর্পণ করো”— মাকে অবজ্ঞা করে সে বলে, “আর্মি আসতে দাও, তারপর দেখো।” ভিডিয়ো কলের সময় নাজিরের হাতে ছিল একটি একে-৪৭ রাইফেল। তার সঙ্গেই তখন বাড়ির মধ্যে ছিল আরও এক জঙ্গি আসিফ আহমেদ শেখ (Asif Ahmad Sheikh)। এনকাউন্টারে দু’জনেই প্রাণ হারায়। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় জঙ্গিদের গা-ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে দ্রুত অ্যাকশন নেওয়া হয়।  সংঘর্ষে নাজির, আসিফ ছাড়াও খতম হয় ইয়াওয়ার আহমেদ ভাট (Yawar Ahmad Bhat) নামে আরও এক জঙ্গি।

এর আগে শোপিয়ানে ‘অপারেশন কেলার’-এর (Operation Keller) সময় আরও তিন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) জঙ্গিকে হত্যা করেছিল সেনা। প্রতিটি অভিযানে মেলে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক। সেনাবাহিনীর এক আধিকারিক জানান, “এই অভিযানগুলি শুধুমাত্র প্রতিশোধ নয়, উপত্যকায় জঙ্গি কার্যকলাপ দমন করার বৃহৎ পরিকল্পনার অংশ।”

ভারতীয় নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে উপত্যকায় জঙ্গিদের প্রভাব দুর্বল হচ্ছে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। তবে পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীরা এখনও গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে অভিযান অব্যাহত।

Advertisement
ads
Continue Reading
Advertisement