খেলার খবর
চোটের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে অনুপস্থিত মেসি ও নেইমার!
ডিজিটাল ডেস্কঃ চোটের কারণে আগেই ব্রাজিল বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। এবার সেই তালিকায় যোগ হল লিওনেল মেসির নামও। সোমবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন, সেখানে নেই এই মহাতারকার নাম। অর্থাৎ, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দ্বৈরথে দেখা যাবে না দুই সুপারস্টারকেই।
আগামী সপ্তাহে ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে মেসি কোনও ম্যাচেই থাকছেন না। আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে তাঁর অনুপস্থিতির নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে রবিবার ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে নতুন করে চোট পান মেসি। তার আগেও তিনটি ম্যাচে বিশ্রামে ছিলেন। মাঠে ফিরেই ফের চোট সমস্যায় পড়েন তিনি।
আরও পড়ুনঃ মোবাইল ফোন ব্যবহারই কারণ! হুগলিতে এক বছরে উধাও ৮০০-এর বেশি কিশোরী
মায়ামির কোচ জেভিয়ার মাসচেরানো আগেই ইঙ্গিত দিয়েছিলেন মেসির চোট নিয়ে। তিনি বলেছিলেন, “আমরা চেয়েছিলাম মেসি কম পরিশ্রম করুক, যাতে চোটের ঝুঁকি না বাড়ে। তবে ওর শারীরিক অবস্থা সম্পর্কে নির্ধারিত সিদ্ধান্ত নেবে আর্জেন্টিনার চিকিৎসক দল।”
শুধু মেসিই নন, আর্জেন্টিনার স্কোয়াডে আরও কয়েকটি বড় ধাক্কা লেগেছে। পাওলো ডিবালা, গঞ্জালো মন্তিয়েল এবং জিয়োভানি লো সেলসোও চোটের কারণে আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবেন না।
