ইয়াস মোকাবিলায় আপতকালীন সাহায্যার্থে প্রস্তুত মালদা জেলা প্রশাসন, ফসল কেটে ঘরে তুলছে আতঙ্কিত চাষীরা
Connect with us

মালদা

ইয়াস মোকাবিলায় আপতকালীন সাহায্যার্থে প্রস্তুত মালদা জেলা প্রশাসন, ফসল কেটে ঘরে তুলছে আতঙ্কিত চাষীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৪ মে : ঘূর্ণিঝড় ইয়াসের জেরে সোমবার দুপুরে হঠাৎই কালো মেঘে ছেয়ে যায় মালদার আকাশ। এরপরই শুরু হয় প্রচণ্ড বেগে হওয়া এবং ঝিরঝির বৃষ্টি।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মালদা, দক্ষিণ দিনাজপুরের মঙ্গলবার হালকা বৃষ্টি এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি সঙ্গে প্রচন্ড বেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় মালদা সেচ দপ্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার মালদার গ্রীন পার্ক এলাকায় থাকা সেচ দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সহযোগীতার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভারী বৃষ্টিপাতে নদীবাঁধে ক্ষতি এড়াতে মজুত করা হয়েছে বালির বস্তাও। অন্যদিকে ইয়াসের কারণে ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে জমিতে থাকা ধান বা গাছে আম আগাম ঘরে তুলে নিচ্ছে কৃষকেরা। কিছুদিন আগেই শিলা বৃষ্টিতে মালদা জেলার বিভিন্ন এলাকায় ধান,পাট এবং আমের প্রভূত ক্ষতি হয়। গতবছরের আম্ফান ঝড় থেকে শিক্ষা নিয়ে এবারে আগাম ফসল ঘরে নিয়ে যাচ্ছে আতঙ্কিত কৃষকেরা। অপরদিকে ইয়াসের আতঙ্কে চাঁচল ১ নং ব্লক জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় কাটা হচ্ছে বোরো ধান। চাঁচলের অধিকাংশ জমিতে এবারে ধান ও পাটের ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে সিংহভাগ জমির ধান কাটা হয়েছে। তবে যারা এখনও পযর্ন্ত পাকা ধান কেটে নেননি সেই কৃষকদের সতর্ক করা হচ্ছে বলে জানা গিয়েছে ব্লক কৃষি দপ্তর সুত্রে।