অপারেশন সিঁদুর
সিঁদুর অভিযান নিয়ে উত্তাল লোকসভা, কংগ্রেসের ভূমিকায় তীব্র কটাক্ষ অমিত শাহের
ডিজিটাল ডেস্কঃ লোকসভায় মঙ্গলবার এক উত্তপ্ত আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) অপারেশন সিঁদুর ও জম্মু-কাশ্মীর ইস্যুতে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তীব্র ভাষায় আক্রমণ করেন। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিবৃতি দাবি করা হলেও, সেই জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই—আর তাতেই কার্যত বিঁধে দেন কংগ্রেসকে।
অমিত শাহ প্রশ্ন তোলেন, “২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে কতগুলি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, জানেন রাহুলজি?” তাঁর মতে, এই সময়কালে ভারতে ২৭টি বড় হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। অথচ, সেই সময় কংগ্রেস সরকার কী পদক্ষেপ নিয়েছিল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কটাক্ষ, “We are not Dr. Manmohan Singh’s government—we do not remain silent. We strike.”
তিনি আরও বলেন, NDA সরকারের আমলে সন্ত্রাসবাদীদের খতমের হার ১২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৯ মে পাকিস্তানের ১১টি এয়ারবেস ধ্বংস করা হয়, যার মধ্যে ৮টির আক্রমণ ছিল surgical precision-এ সম্পন্ন। পাক প্রতিরক্ষা ব্যবস্থা নাকি কেঁপে উঠেছিল ভারতের পাল্টা হামলায়। পরে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (DGMO) ভারতের DGMO-কে ফোন করে যুদ্ধবিরতির অনুরোধ জানান।
অমিত শাহ কংগ্রেসের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, সর্দার প্যাটেলের (Sardar Patel) আপত্তি সত্ত্বেও নেহরু একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, যার ফলেই আজ কাশ্মীর সমস্যা এখনও রয়ে গেছে।
অপারেশন মহাদেব প্রসঙ্গে তিনি জানান, পহলগাম হামলার পর যেসব জঙ্গি নিহত হয়েছে, তাদের পরিচয় স্পষ্ট। মৃত সুলেমান, আফগান ও জিবরান—তিনজনই পাকিস্তানি জঙ্গি, যাঁদের চিনতে সাহায্য করেছে ধৃত সহযোগীরা ও নিহতদের আত্মীয়েরা। ফরেনসিক রিপোর্টেও মিলেছে গুলির প্রমাণ।
শেষে বিরোধীদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, “Terrorists are terrorists. Don’t feel sorry just because of their religion.” তাঁর এই মন্তব্যে বিরোধী বেঞ্চ থেকে তীব্র আপত্তি উঠলেও তিনি নিজের বক্তব্যে অনড় থাকেন।
