জমি বিবাদের সালিশী সভাকে ঘিরে চলল বোমাবাজি ও গুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ
Connect with us

মালদা

জমি বিবাদের সালিশী সভাকে ঘিরে চলল বোমাবাজি ও গুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৬ জানুয়ারী : সালিশী সভাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি ও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘরিয়া গ্রামে। বোমায় একজনের অবস্থা আশঙ্কাজনক, আহত বেশ কয়েকজন।

জানা গিয়েছে, জমি বিবাদের জেরে শনিবার সকালে সালিশি সভা বসে এলাকায়। সভা চলাকালীন নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে পঞ্চায়েতের তৃণমূল প্রধান রোহিমা বিবির স্বামী জাহিরুল শেখ ও পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য আয়ুসি বিবির স্বামী লাকি শেখ। সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।চলে গুলি এবং ব্যাপক বোমাবাজি। তৃণমূল সদস্যর স্বামী লাকি শেখ জানিয়েছেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ধরে ভাইয়ে ভাইয়ে বিবাদ চলছিল। গত বৃ্হস্পতিবার এনিয়ে এক সালিশী সভা বসানো হয়, সেসময় পূর্বের ঠিক হওয়া টাকা দিতে অস্বীকার করে হাসিনুর শেখ। সেনিয়ে গন্ডগোল বেধে যায় দুপক্ষের মধ্যে। সেসময় গন্ডগোল মেটাতে এসে প্রধানের স্বামী জাহিরুল শেখ বোমা, গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে পঞ্চায়েত প্রধান রোহিমা বিবির ভাসুর দাউদ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকী আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।অন্যদিকে জাহিরুল শেখ বোমাবাজির ঘটনায় লাকি শেখের নামে পালটা অভিযোগ এনেছেন। ঘটনায় তার দাদা গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটও।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।