ভাইরাল খবর
কসবা ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল রাজনীতি, বিজেপি নেত্রীদের খোলা চ্যালেঞ্জ ছুঁড়লেন দেবাংশু
ডিজিটাল ডেস্কঃ কসবার আইন কলেজে (Kasba Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে যখন প্রতিবাদের ঝড়, সেই আবহেই বিজেপি নেত্রীদের উদ্দেশে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সরাসরি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, বাংলার মেয়েরা এখনও অনেক বেশি নিরাপদ, যা বিজেপি বুঝতে চায় না।
রবিবার সকালে একটি ফেসবুক পোস্টে দেবাংশু বিজেপির তিন নেত্রী— লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) এবং রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly) নাম উল্লেখ করে লেখেন, “আমি চ্যালেঞ্জ করছি— উত্তরপ্রদেশের কোনও একটি গ্রামে রাত ৮টার পর সিকিউরিটি ছাড়াই এক কিমি হাঁটুন, যদি সুস্থভাবে বাড়ি ফেরেন, তখন বুঝব আপনারা যা বলছেন তা সত্যি।” সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, “এই বাংলায় আজও রাত ২টোর সময় মেয়েরা কাজ সেরে বাড়ি ফিরতে পারেন। এটা বাংলার বাস্তবতা।”
আরও পড়ুনঃ কসবা গণধর্ষণ: অভিযুক্ত প্রমিতের বাড়িতে ঢুকে তল্লাশি SIT-এর, বাজেয়াপ্ত নানা তথ্যপ্রমাণ
তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও বিজেপির পক্ষ থেকে দেবাংশুর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বরং তিনি পাল্টা কটাক্ষ করে বলেন, “দেবাংশুর এসব ফাঁকা চ্যালেঞ্জ দিয়ে মূল ঘটনা থেকে নজর ঘোরানো সম্ভব নয়। কসবার ঘটনার ন্যায্য বিচার বাংলার মানুষ চাইছেন, চ্যালেঞ্জ নয়।”
প্রসঙ্গত, কসবার ঘটনায় রাজ্য বিজেপি বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার রাতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা লালবাজার থানায় রাত কাটান। রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমেছে বিজেপি মহিলা মোর্চাও। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও (TMC) ঘটনার নিন্দা করেছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছে। তবে দেবাংশুর এই খোলা চ্যালেঞ্জ নতুন করে রাজনীতির পারদ চড়াল বলেই মত রাজনৈতিক মহলের।
