খেলার খবর
শুভমন গিল কি কোহলির পথে? মঞ্জরেকরের সতর্ক বার্তা লর্ডস টেস্ট বিতর্কে
শুভমন গিলের উপর প্রশ্ন তুলে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে আগ্রাসী মনোভাব দেখানোর জন্য শুভমনকে সতর্ক করলেন তিনি। মঞ্জরেকরের মতে, শুভমনের আচরণ বিরাট কোহলির অনুকরণ হতে পারে, কিন্তু তা তাঁর পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।
লর্ডস টেস্টে ইংরেজ ব্যাটার জ্যাক ক্রলির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক শুভমন। ইংল্যান্ড সময় নষ্ট করছিল বলে রেগে গিয়ে বিতর্কে জড়ান তিনি। সেই ঘটনারই বিশ্লেষণ করতে গিয়ে মঞ্জরেকর বলেন, “কোহলির ক্ষেত্রে এসব ঝামেলা তাকে আরও আগ্রাসী ব্যাটসম্যান করে তুলত। কিন্তু শুভমনের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হচ্ছে।”
‘ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে মঞ্জরেকর বলেন, “ব্যাট হাতে শুভমনকে আমি আগের মতো স্বাভাবিক দেখিনি। ওর মধ্যে অস্থিরতা স্পষ্ট। স্টাম্প মাইকের সৌজন্যে বোঝা যাচ্ছে, ও ইংল্যান্ডের ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণের পাল্টা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই ওর স্বভাব? নাকি অধিনায়ক হওয়ার পর থেকেই এ হাবভাব এসেছে?”
মঞ্জরেকর আরও যোগ করেন, “যদি এই আগ্রাসন ওর মধ্যে থাকত, তাহলে এতদিন সেটা দেখা যেত না কেন? কোহলি বরাবরই এমন ছিল, অধিনায়ক না থাকলেও। কিন্তু শুভমন আগের চেহারা থেকে অনেকটাই বদলে গেছে।”
তিনি মনে করিয়ে দেন যে, “অধিনায়ক মানেই যে আগ্রাসী হতে হবে, এমন কোনও নিয়ম নেই। আচমকা রান পেয়ে গিল হয়তো একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে পড়েছে। কিন্তু সেটাই যদি ব্যাটিংয়ে প্রভাব ফেলে, তাহলে সেটা চিন্তার বিষয়।”
এই মন্তব্যের পর ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে — সত্যিই কি শুভমন নিজেকে কোহলি ভাবছেন? নাকি এই আগ্রাসন কেবল একটি পরিস্থিতির প্রতিক্রিয়া?
