দেশের খবর
শুল্ক যুদ্ধে ভারতের জয়? ভারত-মার্কিন চুক্তির পর সংসদে মোদি সংবর্ধিত
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ টানাপোড়েন ও প্রায় ছয় দফা বৈঠকের পর অবশেষে চূড়ান্ত হল ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India–US Trade Deal)। এই চুক্তির ফলে ভারতের উপর আরোপিত শুল্ক (Tariff) ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এই সাফল্যের পর মঙ্গলবার এনডিএ (NDA) সাংসদদের বৈঠকে করতালি ও প্রশংসায় ভেসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপি সংসদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (EU), সংযুক্ত আরব আমিরশাহি (UAE), মরিশাস, অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড এবং এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করেছে। তাঁর দাবি, এতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা (Global Standing) আরও বেড়েছে।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথোপকথনের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, দুই দেশ বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। একই সঙ্গে পারস্পরিক শুল্ক (Reciprocal Tariff) কমানোর কথাও জানান তিনি। ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি।
তবে বিরোধীদের মতে, এই চুক্তির বিনিময়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা, আমেরিকা থেকে বিপুল পরিমাণ পণ্য কেনার প্রতিশ্রুতি—সব মিলিয়ে ভারত বড় শর্ত মেনে নিয়েছে। কংগ্রেসসহ বিরোধীরা একে মোদির কূটনৈতিক পরাজয় বলেই দাবি করেছে।
চুক্তির প্রভাব পড়েছে শেয়ার বাজারে (Stock Market)। সেনসেক্স ও নিফটি বড় উত্থান দেখিয়েছে, বেড়েছে টাকার দামও (Indian Rupee)। বাজার বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বিদেশি বিনিয়োগ (Foreign Investment) বাড়াতে সহায়ক হবে।
