ডিজিটাল ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যেকার আসন্ন সাদা বলের ক্রিকেট সিরিজ অবশেষে স্থগিত হয়ে গেল। চলতি বছরের আগস্টে এই দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও দুই দেশের বোর্ড সম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে সিরিজ পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নিয়ে যাওয়ার। শনিবার এই খবর নিশ্চিত করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও ভারতীয় বোর্ড সর্বসম্মতভাবে এই সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।” তবে সংশোধিত সময়সূচি ও ভেন্যুর বিষয়ে পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। ১৭ আগস্ট ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। এরপর ২৬ আগস্ট থেকে টি-টোয়েন্টি সিরিজ। এই সফরের মধ্য দিয়েই দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে ফিরতেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)।
কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের আবহে সিরিজ হওয়া নিয়ে জল্পনা চলছিলই। শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের পরবর্তী সময়ে বাংলাদেশে ভারত-বিরোধী বক্তব্য মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। শুধু তাই নয়, বাংলাদেশের উপদেষ্টা মহম্মদ ইউনুস (Mohammad Yunus) সম্প্রতি চিন সফরে গিয়ে প্রকাশ্যেই ভারত-বিরোধী মন্তব্য করেন।
এছাড়া, পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পর বাংলাদেশের নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছিল। পাকিস্তানের প্রতি নরম সুর ও চিনের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভারতীয় দলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল বোর্ডের।
সব মিলিয়ে, আন্তর্জাতিক কূটনৈতিক আবহে ক্রিকেটও আর নিরপেক্ষ থাকল না। ভারতের বাংলাদেশ সফর আপাতত বন্ধ দরজার আড়ালে। এখন দেখার, ২০২৬ সালে সম্পর্কের বরফ গলে কি নতুন করে বল মাঠে গড়ায়!