রাজনীতি
হুমায়ুনের বাউন্সার বিতর্ক: হায়দরাবাদি নয়, কলকাতার! ষড়যন্ত্রের অভিযোগ বিধায়কের
ডিজিটাল ডেস্কঃ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। কয়েকদিন আগেই তাঁর নিরাপত্তার জন্য ৮ জন হায়দরাবাদি (Hyderabad-based) বাউন্সার এসেছে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু বুধবার রাতে জানা যায়, ওই বাউন্সাররা আদতে কলকাতার (Kolkata-based)। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ উগড়ে দেন হুমায়ুন। তাঁর অভিযোগ, তাঁকে ইচ্ছে করেই বিভ্রান্ত করা হয়েছে এবং এর নেপথ্যে রয়েছে বড়সড় ষড়যন্ত্র (Conspiracy)।
সম্প্রতি তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পর থেকেই হুমায়ুন দাবি করে আসছিলেন যে তাঁর প্রাণনাশের (Threat to life) আশঙ্কা রয়েছে। তাই আগামী তিন মাস আকাশপথে যাতায়াতের জন্য হেলিকপ্টার (Helicopter) ভাড়া নিয়েছেন তিনি। পাশাপাশি জানান, এক শিল্পপতি তাঁর নিরাপত্তায় ৮ জন হায়দরাবাদি বাউন্সার পাঠিয়েছেন, যারা সর্বক্ষণ তাঁর সঙ্গে থাকবেন।
এরপরই কয়েকদিন ধরে হুমায়ুনের পাশে দেখা যায় ওই বাউন্সারদের। কিন্তু পরে জানা যায়, হায়দরাবাদের সংস্থার দাবি অনুযায়ী বাউন্সাররা নথি সমস্যার কারণে বিমানবন্দরে আটকে। অথচ যাঁরা ইতিমধ্যেই হুমায়ুনের সঙ্গে রয়েছেন, তাঁরা নাকি কলকাতারই। খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন বিধায়ক এবং তাঁদের কাজ থেকে অব্যাহতি দেন।
হুমায়ুনের কথায়, “এত বড় চক্রান্ত চলছে যে আমি খেই হারিয়ে ফেলছি। যাঁদের হায়দরাবাদি বলে জানতাম, পরে জানলাম তাঁরা সকলেই কলকাতার।”
তিনি আরও জানান, বারবার তাঁকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে এবং তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।


