উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ গাইসাল রুটের একাধিক ট্রেন
ডিজিটাল ডেস্কঃ চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল গাইসাল (Gaisal) স্টেশনে। মঙ্গলবার দুপুর নাগাদ শিলিগুড়ি (Siliguri) থেকে মালদাগামী (Malda-bound) ডেমু ট্রেনটি যখন গাইসাল স্টেশনের চার নম্বর লাইনে ঢুকছিল, ঠিক সেই সময় ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখে তৎপর হন ট্রেন ম্যানেজার।
রেল সূত্রে খবর, গাইসাল নর্থ কেবিনের (North Cabin) কাছাকাছি পৌঁছনোর সময়ই পরিস্থিতি আঁচ করে চালক জরুরি ব্রেক প্রয়োগ করে ট্রেনটি থামিয়ে দেন। এরপর দ্রুত যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন ও ধোঁয়া দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি রেল নিরাপত্তা বাহিনী এবং দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দমকল বাহিনীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটিই হতে পারে আগুন লাগার কারণ।
এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে শিয়ালদহ-নিউজলাইন রুটের ট্রেন চলাচল। গুঞ্জরিয়া (Gunjaria) স্টেশনে আপ লাইনে দাঁড়িয়ে পড়েছে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। বেশ কয়েকটি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে রয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে আপাতত ইঞ্জিনটি সরিয়ে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন এক আধিকারিক।
