বিশ্বের খবর
ট্রাম্প-পুতিন বৈঠকের ঘন্টাখানেক পরই ইউক্রেনে বিস্ফোরক আক্রমণ, মৃত্যু বহু
ডিজিটাল ডেস্কঃ আলাস্কার বৈঠক শেষ হতেই ফের বিস্ফোরক পদক্ষেপ নিল রাশিয়া (Russia)। ইউক্রেনের (Ukraine) বিভিন্ন শহরে দফায় দফায় আছড়ে পড়ে ড্রোন এবং মিসাইল। ইউক্রেনের এয়ার ফোর্স (Air Force)-এর দাবি, অন্তত ৮৫টি ড্রোন এবং একটি ইস্কান্দার-এম (Iskander-M) ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে রুশ বাহিনী। সেখানকার সংবাদমাধ্যম UNN জানিয়েছে, হামলায় কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেনি মস্কো (Moscow)।
এর কয়েক ঘণ্টা আগেই আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন (Elmendorf-Richardson) মিলিটারি বেসে বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। যদিও কোনও সমঝোতা হয়নি। বরং রাশিয়ার প্রতি কিছুটা নরম অবস্থান নিয়েছেন ট্রাম্প, কিন্তু পুতিন সাফ জানিয়ে দেন— ইউক্রেন নিয়ে তাঁর অবস্থান বদলাবে না।
Ukrainska Pravda-র রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনীয় এয়ার ফোর্সের দাবি— ৮৫টি ড্রোনের মধ্যে অন্তত ২৪টি ড্রোন ১২টি আলাদা এলাকায় বিস্ফোরিত হয়।
ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়ার কুর্স্ক (Kursk), অরিওল (Oryol), মিলেরোভো (Millerovo), প্রিমোর্সকো-আখতার্স্ক (Primorsko-Akhtarsk), শাতালোভার (Shatalovo) ঘাঁটি এবং সম্প্রতি দখল করা ক্রিমিয়ার (Crimea) হভারদিসক (Hvardiiske) থেকে এই আক্রমণ চালানো হয়। হামলায় ইউক্রেনের সুমি (Sumy), দোনেৎস্ক (Donetsk), চেরনিহিভ (Chernihiv) ও দনিপ্রোপেত্রোভস্ক (Dnipropetrovsk) অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।