Connect with us

বিশ্বের খবর

পুতিনের পর এবার জ়েলেনস্কি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ফের সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Dwip Narayan Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলাস্কায় (Alaska) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)-এর সঙ্গে বৈঠক শেষ করেই আলোচনায় ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও পুতিনের সঙ্গে বৈঠকের পরও বিশ্ববাসীর কাছে কাঙ্ক্ষিত ‘পিসমেকার’ (Peacemaker) খেতাব এখনও জোটেনি তাঁর কপালে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। আলাস্কা থেকে ফেরার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি (Volodymyr Zelensky)-র সঙ্গে এক ঘণ্টারও বেশি ফোনে কথা বলেন তিনি। শুধু জ়েলেনস্কি নন, ন্যাটো (NATO)-র একাধিক সদস্য রাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ করেন আমেরিকা।

সূত্রের খবর, ট্রাম্পের আমন্ত্রণে আগামী সোমবার, ১৮ অগস্ট ওয়াশিংটনে যেতে পারেন জ়েলেনস্কি। সেখানেই হতে পারে তাঁদের মুখোমুখি বৈঠক। উল্লেখ্য, অতীতে ট্রাম্প-জ়েলেনস্কি সাক্ষাতের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। ওভাল অফিসে (Oval Office) ঢুকেও একপ্রকার অপমানিত হয়ে ফিরতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। ফলে আসন্ন বৈঠকের ফলাফল নিয়ে কৌতূহল চরমে।

শনিবার এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে জ়েলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলোচনায় তাঁরা ইউক্রেনের নিরাপত্তা এবং যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। ট্রাম্প যে আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন, সেটিও তিনি সমর্থন করেছেন বলে জানান। যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পেয়েছেন বলেও দাবি জ়েলেনস্কির।

Advertisement
ads

প্রসঙ্গত, হোয়াইট হাউসে দ্বিতীয় ইনিংস শুরু করার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সাত মাস কেটে গেলেও এখনও তাঁর সেই প্রতিশ্রুতি বাস্তব হয়নি। পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে অনেকেই সাফল্যের ইঙ্গিত হিসেবে দেখলেও, জ়েলেনস্কির সঙ্গে আলোচনাই প্রকৃত পরীক্ষা হতে চলেছে বলে মত কূটনৈতিক মহলের।

Developer