বিশ্ব ঐতিহ্য দিবসে ভারতের ঐতিহাসিক স্থানগুলিতে প্রবেশ ফি মকুব, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
Connect with us

দেশ

বিশ্ব ঐতিহ্য দিবসে ভারতের ঐতিহাসিক স্থানগুলিতে প্রবেশ ফি মকুব, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ বিশ্ব ঐতিহ্য দিবস বা ‘ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস’(‘International Day of Monuments and Sites’)। এ উপলক্ষে দেশের সমস্ত প্রাচীন স্মারক ও ঐতিহ্যবাহী স্থানে সাধারণ মানুষের জন্য প্রবেশমূল্য সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (ASI)। সংস্থার আওতায় থাকা মোট ৩,৬৯৮টি স্মারকে আজ বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ও সচেতনতা আরও বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটক, গবেষক ও ইতিহাসপ্রেমীরা আজ কোনও প্রকার মাশুল না দিয়েই দেশের ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য ও পুরাকীর্তির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

এ বছরের বিশ্ব ঐতিহ্য দিবসের থিম—‘Heritage under Threat from Disasters and Conflicts’—অর্থাৎ, প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট সংঘর্ষের জেরে বিপন্ন ঐতিহ্য। এই প্রসঙ্গে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষকে ঐতিহ্য রক্ষার কাজে অংশীদার করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government) ও এএসআই (ASI)

ভারতের সংবিধানে নাগরিকের যে মৌলিক কর্তব্যগুলি নির্ধারিত রয়েছে, তার মধ্যেই একটি হল দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদের সংরক্ষণে সচেষ্ট হওয়া। এই দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিতেই আজকের এই পদক্ষেপ—যা নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের এক ইতিবাচক প্রয়াস বলেই মনে করা হচ্ছে।

Advertisement
ads ads

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archaeological Survey of India) জানায়, অতীতের ধ্বংসাবশেষ নয়, এই স্মারক ও স্থানগুলি হল জীবন্ত ইতিহাস—যা আমাদের পরিচয় বহন করে। তাদের রক্ষায় জনসচেতনতা গড়ে তোলাই আজকের দিনের মূল বার্তা।