ভাইরাল খবর
SIR ডিজিটাইজেশন নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন, বিপাকে বিএলওরা
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে SIR (Special Summary Revision) প্রক্রিয়া ঘিরে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)। গত ৪ঠা নভেম্বর থেকে শুরু হয়েছিল SIR এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিতরণ। কমিশন জানিয়েছে, ইতিমধ্যেই ১০০ শতাংশ ফর্ম বিতরণ (100% Form Distribution) সম্পন্ন হয়েছে। এবার লক্ষ্য—ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে তাদের দেওয়া তথ্যের ডিজিটাইজেশন (Digitization) দ্রুত শেষ করা।
আগে এই কাজ ৪ঠা ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু নতুন নির্দেশে কমিশন জানায়, ২৫শে নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। ফলে হঠাৎ করে বাড়তি চাপ তৈরি হয়েছে মাঠপর্যায়ের কর্মী—বিশেষত বিএলওদের (BLO – Booth Level Officer) ওপর।
এই অস্বাভাবিক সময়সীমা মেনে চলতে গিয়ে বেশ কিছু জেলা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual Worker) ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) হিসেবে কাজে লাগাতে শুরু করেছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই নতুন কড়া নির্দেশ জারি করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক (Additional CEO)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—কোনও BDO, ERO, AERO বা OC Election কোনও ভাবেই চুক্তিভিত্তিক কর্মীকে SIR ডেটা এন্ট্রি কাজে নিযুক্ত করতে পারবেন না।
SIR নিয়ে কমিশনের এই অতিসক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশাল পরিমাণ ভোটারের তথ্য ডিজিটাইজেশনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু বিএলও। অভিযোগ, কমিশন ক্রমাগত নতুন নির্দেশিকা জারি করে চাপ বাড়াচ্ছে। ইতিমধ্যেই SIR কাজ স্থগিতের আবেদন জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সব মিলিয়ে SIR সংক্রান্ত কমিশনের পদক্ষেপ নিয়ে রাজ্যে চাপানউতোর আরও তীব্র হচ্ছে।


