ভাইরাল খবর
‘সুজন্ন’ ও ‘নিজন্ন’ প্রকল্পে স্বপ্নের ঠিকানা, নিউটাউনে স্বল্পবিত্তদের জন্য মমতার উপহার
ডিজিটাল ডেস্কঃ অর্থনৈতিকভাবে অনগ্রসর এবং স্বল্পবিত্ত মানুষদের কথা মাথায় রেখে নিউটাউনে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করলেন দু’টি বিশেষ আবাসন প্রকল্প— ‘সুজন্ন’ ও ‘নিজন্ন’। আধুনিক পরিকাঠামো এবং সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট দেওয়ার এই উদ্যোগে বহু মানুষের নিজস্ব ঘরের স্বপ্নপূরণ হবে বলে আশাবাদী প্রশাসন।
এই দুই প্রকল্পের মোট পরিসর ৭ একর জমি।
-
নিজন্ন প্রকল্পে থাকছে ৩০০ স্কোয়ার ফিটের ৪১০টি ১BHK ফ্ল্যাট।
-
সুজন্ন প্রকল্পে থাকছে ৬২০ স্কোয়ার ফিটের ৭৩০টি ২BHK ফ্ল্যাট।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র কোনও আর্থিক সহায়তা দেয়নি এই প্রকল্পে। তবু রাজ্য সরকার “নিজের খরচে, নিজের উদ্যোগে” এই আবাসন তৈরি করে বুঝিয়ে দিয়েছে— বাংলার উন্নয়নে তারা দায়বদ্ধ। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “কেন্দ্র কিছু না দিলেও আমরা বসে থাকি না”।
এই আবাসনের পাশে গড়ে উঠছে একটি অত্যাধুনিক পার্কিং কমপ্লেক্স, যেখানে
-
থাকবে ৮ তলা গাড়ি রাখার ব্যবস্থা
-
প্রায় ১৫০০ গাড়ির ধারণক্ষমতা
-
আধুনিক নিরাপত্তা প্রযুক্তি
এছাড়াও, ‘তরন্ন’ প্রকল্প নামে একটি পৃথক উন্নয়ন পরিকল্পনায় থাকছে
-
২০০ আসনের মুক্তমঞ্চ
-
শিশুদের জন্য পার্ক
-
সুন্দরভাবে সাজানো সবুজ পরিসর
প্রশাসনের বক্তব্য, শুধু আবাসন নয়— জীবনযাত্রার মানোন্নয়নই এই প্রকল্পগুলির মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর মতে, “আমরা শুধু ফ্ল্যাট বানাই না, মানুষের ভালো থাকার পরিবেশ তৈরি করি।”
