দুর্ঘটনা
ঢাকা বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাময়িক স্থগিত উড়ান পরিষেবা
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (Hazrat Shahjalal International Airport) কার্গো ভিলেজ (Cargo Village) এলাকায় শনিবার অর্থাৎ আজ, দুপুর সোয়া ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন পণ্য সংরক্ষণ এলাকার ভেতর থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকল (Fire Service) বিভাগ জানিয়েছে, প্রথমে ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও অন্তত ২১টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকল কর্মীরা একপর্যায়ে হিমশিম খেতে শুরু করেন। পরে বিভিন্ন সংস্থা একযোগে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ শুরু করে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর (Bangladesh Air Force) ফায়ার ইউনিট এবং বিমানবন্দরের নিজস্ব দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৩০টিরও বেশি ইউনিট কাজ করেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, “প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।” এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা স্বস্তির খবর।
ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানবন্দর প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলির পক্ষ থেকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।


