রাজ্যের খবর
রাজনৈতিক পালাবদলের পর বাংলামুখী শিল্পপতিরা! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সঞ্জীব গোয়েঙ্কার
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে শিল্প বিনিয়োগ (Investment) বাড়ানোর বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) হওয়া এই বৈঠকে বাংলায় আরও বিনিয়োগের সম্ভাবনা এবং শিল্পবান্ধব পরিবেশ (Industry Friendly Environment) নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, গোয়েঙ্কা গোষ্ঠী (Goenka Group) বর্তমানে বিদ্যুৎ (Power Sector) ক্ষেত্রে বড় বিনিয়োগের সঙ্গে যুক্ত রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার বিদ্যুৎ ক্ষেত্রের পাশাপাশি অন্য শিল্পক্ষেত্রেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।
সূত্রের দাবি, বৈঠকে গোয়েঙ্কা বাংলায় শিল্পের জন্য তৈরি হওয়া নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার বিষয়েও তিনি কথা বলেছেন বলে জানা গিয়েছে। রাজ্যে আরও বড় পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে গোয়েঙ্কা গোষ্ঠী।
উল্লেখ্য, সিঙ্গুর (Singur) পর্বের পর বাংলায় বড় শিল্প বিনিয়োগের ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনা রয়েছে। সেই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার রাজ্যে শিল্প আনার বার্তা দিয়েছেন।
এর আগে গত কয়েক দিনে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আরও কয়েকজন বড় শিল্পপতি। আদানি গোষ্ঠীর (Adani Group) তরফে করণ আদানি এবং শিল্পপতি অশোক টোডিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে। তাঁদের বৈঠকেও রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
রাজনৈতিক পালাবদলের পর বাংলায় বিনিয়োগের পরিবেশ নিয়ে শিল্পমহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শিল্পপতিদের একাংশের আশা, নতুন পরিস্থিতিতে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে আরও সহজ পরিবেশ তৈরি হবে।
