উত্তরবঙ্গ
ভোটের আগে শাসক শিবিরে ফাটল! বিজেপিতে যোগদান তৃনমুল কর্মীর
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে কোচবিহারে রাজনৈতিক শিবির বদলের ছবি সামনে এল। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করলেন কোচবিহার শহর ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি রানা রায় এবং শহর ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ভানু ঘোষ। কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ বর্মনের (Abhijit Barman) হাত ধরে দলীয় পতাকা হাতে নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন।
যোগদানের পর রানা রায় বলেন, “তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত (corrupt) দল। এই দুর্নীতির সঙ্গে আর নিজেকে যুক্ত রাখতে পারিনি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে ভানু ঘোষের অভিযোগ, তৃণমূলের তরফে চাপ (pressure) সৃষ্টি করা হয়েছিল বলেই তিনি আগে বিজেপি থেকে সরে গিয়েছিলেন। “কিন্তু এখন আমি আবার বিজেপিতে ফিরেছি। বিজেপিই আমার প্রকৃত রাজনৈতিক ঘর,” বলেন তিনি।
বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, “তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকার মতো আর পরিবেশ নেই। দুর্নীতি ও সন্ত্রাসে মানুষ অতিষ্ঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) উন্নয়নের রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই এঁরা বিজেপিতে এসেছেন।” এই যোগদান নিয়ে দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে-র (Nikhil Ranjan Dey) প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।


