ভাইরাল খবর
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ট্যাক্সের ফাঁদ, সংসদে কেন্দ্রকে তোপ অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ (Union Budget 2026–27) নিয়ে লোকসভায় তীব্র আক্রমণ শানালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বক্তব্যে উঠে এল কর ব্যবস্থার (tax system) কড়া সমালোচনা ও ‘দ্বৈত ভারত’ (Two Indias) প্রসঙ্গ। অভিষেকের দাবি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকারের তৈরি করা ট্যাক্সের ফাঁদে (tax trap) আটকে রাখা হচ্ছে।
সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, এই দেশেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে, অথচ আজ বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি (Bangladeshi) বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কৌতুকশিল্পী বীর দাসের ‘টু ইন্ডিয়া’ মন্তব্য বাস্তবতার প্রতিচ্ছবি ছিল বলেও উল্লেখ করেন তিনি।
বাজেট বিতর্কে অভিষেক কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন-বকেয়া না মেটানো, বাংলাকে বঞ্চিত করা এবং করের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) উদ্দেশে তিনি বলেন, উপযুক্ত তথ্য থাকলে তাঁর বক্তব্যের জবাব দিতে পারেন এবং প্রয়োজনে তাঁর নামও উল্লেখ করতে পারেন।
ট্যাক্স প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, শিশুর ডায়াপার (diaper) থেকে শুরু করে শিক্ষা, উপার্জন, সঞ্চয়, চিকিৎসা, পেট্রল-ডিজেল (petrol-diesel) এমনকি মৃত্যুর পর ধর্মীয় আচারেও কর দিতে হয়। এই ব্যবস্থাই সাধারণ মানুষকে জর্জরিত করছে বলে দাবি তাঁর।


