মালদা
থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান, চিকিৎসার জন্য বিডিওর দ্বারস্থ বাবা-মা
নিজস্ব সংবাদদাতা , চাঁচল, ২৭ ফেব্রুয়ারি : অর্থের অভাবে ক্যান্সার আক্রান্ত সন্তানের চিকিৎসা করাতে না পেরে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল বাবা-মা। চাঁচল 1 নম্বর ব্লকের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছোটন দাস এর ছেলে পিযুষ দাস জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।
চিকিৎসার জন্য বিভিন্ন জনের কাছে দরবার করলেও অর্থের অভাবে ছেলের উপযুক্ত চিকিৎসা করাতে পারছেন না তারা। ব্যাঙ্গালোরে বেসরকারী নার্সিংহোমে তার চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ২২লক্ষ টাকা। বিপুল এই অর্থ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে ছোটন দাসকে।রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ মিলবে না বেসরকারী ওই নার্সিংহোমে।এমত অবস্থায় ছেলের জটিল রোগের চিকিৎসা করাতে না পেরে চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়ছে বছর চারেকের পিযুষ। ছেলের চিকিৎসার জন্য এবারের তাই বিডিওর দ্বারস্থ হল তার বাবা-মা। তার বাবা ছোটন দাস জানিয়েছেন, ছেলের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে। খরচ হয়ে গিয়েছে জমানো সমস্ত টাকা। এরমধ্যে ব্যাঙ্গালোরেও নিয়ে যাওয়া হয়েছিল। তার চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ২২লাখ টাকা। কিভাবে এত বিপুল পরিমাণ টাকা জোগাড় হবে তা ভেবে পাচ্ছেন না ছোটনবাবু।এই কারণে তারা বিডিও দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে চাঁচল ১ব্লক বিডিও সমীরণ ভট্টাচার্য জানিয়েছেন, দুঃস্থ ওই পরিবারটির সঙ্গে কিথা হয়েছে। ছোট শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁচল ১ব্লক বিডিও সমীরণ ভট্টাচার্য।
