ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পরই রাজ্যজুড়ে সূচনা হল নতুন জনমুখী উদ্যোগ— ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para, Amader Samadhan)। ‘দুয়ারে সরকার’-এর সাফল্যের পর এবার আরও এক ধাপ এগিয়ে বুথ স্তরে পৌঁছে যাবে প্রশাসন। লক্ষ্য একটাই— মানুষের নাগরিক সমস্যার সরাসরি সমাধান।
শনিবার থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। পুজোর দিন ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে রাজ্যের প্রতিটি ব্লক, গ্রাম ও শহরাঞ্চলে শিবির বসবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি তিনটি বুথ মিলিয়ে একটি করে সেন্টার হবে। রাজ্যের প্রায় ৮০ হাজারের বেশি বুথ থাকায় মোট ২৭ হাজারেরও বেশি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুনঃ জিমে শরীরচর্চার মাঝেই হার্ট অ্যাটাকে মৃত্যু, বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ
এই কর্মসূচিতে ১৬ রকম পরিষেবা পাওয়া যাবে—
-
নিকাশি ও পানীয় জল পরিষেবা: নর্দমা ঢাকার ব্যবস্থা, সোক পিট, কালভার্ট নির্মাণ, টিউবওয়েল, জলের পাইপ, ট্যাঙ্ক।
-
পথবাতি: এলইডি ও সোলার আলো বসানো।
-
শৌচালয়: বাজার এলাকায় শৌচালয় নির্মাণ।
-
আইসিডিএস কেন্দ্র উন্নয়ন: ছাদ মেরামত, জল ও খেলার জায়গার ব্যবস্থা, নিরাপত্তা।
-
প্রাথমিক বিদ্যালয়: দেওয়াল সৌন্দর্যায়ন, শৌচালয় সংস্কার, বেঞ্চ, পানীয় জল।
-
পুকুর সংস্কার: পুকুর খনন, ঘাট বাঁধানো।
-
বর্জ্য ব্যবস্থাপনা: ময়লা ফেলার জায়গা, নিয়মিত পরিষ্কার।
-
খোলা জায়গা: বেঞ্চ, শেড, কমিউনিটি শেড সংস্কার।
-
বাজার সংস্কার: স্টল, নিকাশি, আলোর ব্যবস্থা।
-
সাংস্কৃতিক উদ্যোগ: ছোট মঞ্চ, পতাকা উত্তোলন, উৎসব আয়োজনের স্থান।
-
গণপরিবহণ: বাসস্টপ, অটো/রিকশা স্ট্যান্ড, ফুটপাত, ফুটব্রিজ, অ্যাম্বুল্যান্স।
-
সবুজায়ন: মুক্ত এলাকায় জিম, গাছের গোড়া বাঁধানো, পার্কে বেঞ্চ।
-
বিদ্যুৎ পরিষেবা: বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, ট্রান্সফর্মার, খুঁটি সংস্কার।
-
রাস্তা: রাস্তা সংস্কার।
সব সমস্যার নথি অনলাইনে তোলা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের চেষ্টা হবে। প্রশাসনের দাবি, এই প্রকল্পে স্বচ্ছতা ও দ্রুততা— দু’টোই নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ নিজের এলাকার সমস্যার সমাধান নিজেই দেখতে পান।