ভাইরাল খবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সভাপতি! আজ থেকেই বিজেপির রাশ নীতীন নবীনের হাতে
ডিজিটাল ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতীন নবীন। সোমবার রাজ্য সভাপতি ও প্রতিনিধিদের মনোনয়নের ভিত্তিতে এই পদে জয়ী হন তিনি। ২০ জানুয়ারি অর্থাৎ, আজ থেকে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নিতে চলেছেন ৪৫ বছর বয়সি নীতীন। আজ সকাল ১১টা ৩০ মিনিটে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে (BJP Headquarters) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র উপস্থিতিতে শপথ নেন নতুন সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-সহ শীর্ষ নেতৃত্ব।
২০২০ সাল থেকে বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই গত ডিসেম্বরে নীতীন নবীনকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি (Executive President) করা হয়। তখন থেকেই তাঁর সভাপতি হওয়ার সম্ভাবনা জোরালো হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নিজেই তাঁর নাম প্রস্তাব করেন। বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ (K Laxman) জানান, ৩৭টি বৈধ মনোনয়নের মাধ্যমে নীতীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বর্তমানে নীতীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে আরজেডি প্রার্থীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। সভাপতি নির্বাচনের আগেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন নীতীন। চলতি মাসেই তাঁর পশ্চিমবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে।
নীতীন নবীনের বাবা প্রয়াত বিজেপি নেতা নবীন কিশোর সিনহা। এবিভিপি (ABVP) থেকে রাজনীতিতে হাতেখড়ি, ২০১০ সাল থেকে বাঁকিপুরের বিধায়ক তিনি।
