Uncategorized
বন্ধুর বাড়িতেই বিশ্বাসঘাতকতা! নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পলাতক অভিভাবক
ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali) ন্যাজাট থানা এলাকার একটি গ্রামে ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অভিযুক্ত আর কেউ নন—ভুক্তভোগী কিশোরীর বান্ধবীর বাবা। রবিবার দুপুরে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। আপাতত গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা চিকিৎসাধীন রয়েছে স্থানীয় হাসপাতালে। অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ভুক্তভোগী কিশোরী তার মামার বাড়িতে থাকত, কারণ বাবা-মা কাজের সূত্রে বাইরে রয়েছেন। রবিবার দুপুরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে অভিযুক্ত ব্যক্তি তার উপর যৌন অত্যাচার চালায় বলে অভিযোগ। পাশ দিয়ে যাওয়া কয়েকজন মহিলা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। অভিযুক্ত তখনই পালিয়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রাই কিশোরীকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে আবারও গণধর্ষণের শিকার হিন্দু নারী! অ্যাসিডে পুড়িয়ে হত্যার চেষ্টা বরিশালে
নির্যাতিতার পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল, কিন্তু ভয়ের চাপে মেয়েটি কিছু বলতে পারেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তার ছবি ইতিমধ্যেই বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।
ঘটনাটি রাজনৈতিক বিতর্কেও রূপ নিয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি আইএসএফ (ISF)-ঘনিষ্ঠ। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী সিরিয়া পারভীন (Syria Parveen) বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা চাই, এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।” তবে আইএসএফ নেতা মুসা করিম (Musa Karim) পাল্টা দাবি করেন, “এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। তৃণমূল রাজনৈতিক স্বার্থে মিথ্যে দোষারোপ করছে।”
সন্দেশখালির এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে। অভিযুক্তের গ্রেফতার ও দ্রুত বিচার চেয়ে সরব হয়েছেন সমাজের বিভিন্ন মহল।
