ভাইরাল খবর
“যেখানে আইন কলেজেই ধর্ষণ, সেখানে প্রশাসনের মুখ কোথায়?”— তৃণমূলকে বিঁধলেন বিপ্লব দেব
ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ (Kasba Law College) ধর্ষণকাণ্ডে রাজ্য রাজনীতির তাপমাত্রা এক লাফে চড়েছে। রবিবার কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে গঠিত ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ দলের সদস্যরা। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন দলের অন্যতম সদস্য বিপ্লব দেব (Biplab Deb)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বলেন, “একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাথরস, পহেলগাঁওয়ের মতো জায়গায় দল পাঠান। অন্যদিকে তাঁর নিজের রাজ্যে বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে প্রশাসন সহযোগিতা করে না। আমরা পুলিশ কমিশনার ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু কোনও সময় দেওয়া হয়নি।”
আরও পড়ুনঃ বন্ধুর বাড়িতেই বিশ্বাসঘাতকতা! নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পলাতক অভিভাবক
বিপ্লববাবুর আরও দাবি, “এই রাজ্যে এক অগণতান্ত্রিক সরকার চলছে। যেখানে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল কলেজ— কোথাও মহিলারা নিরাপদ নন। আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা আর এক নজির।”
তিনি কটাক্ষ করে বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। মনোজিৎ মিশ্র (Manojit Mishra) ২০১৩ সাল থেকেই অপরাধে যুক্ত। তার ছবি তৃণমূল নেতাদের সঙ্গে প্রকাশ্যে। এরা পেশাদার ধর্ষক। কিন্তু যেহেতু তৃণমূল করে, তাই ছাড় পেয়ে যাচ্ছে। এই ঘটনা পুরোপুরি ‘স্টেট স্পনসর্ড ক্রাইম’।”
প্রসঙ্গত, কসবা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ-সহ চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, এই ঘটনা ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার।
এদিন বিপ্লব দেবকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনিও ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
